দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৮৪ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৩ নভেম্বর সকাল ৮টা থেকে ১৪ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার হিসাব এটি।

এই সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ৮৩ জন। একই ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার জন এবং ছাড়পত্র পেয়েছেন ৯০২ জন।

কোথায় কত রোগী

স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগওয়ারি পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৪৫২ জন, চট্টগ্রামে ২০৮ জন এবং সিলেটে ১৩৬ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন।

এছাড়া বরিশালে ১০০ জন, খুলনায় ৭১ জন, ময়মনসিংহে ৫৭ জন, রাজশাহীতে ২৯ জন এবং রংপুরে ৩১ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন।

মৃত্যুর হিসাবে গত ২৪ ঘণ্টায় ঢাকা ও সিলেট বিভাগে একজন করে মারা গেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

মার্চ থেকে এ পর্যন্ত সার্বিক চিত্র

চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত দেশজুড়ে হামের সার্বিক পরিসংখ্যানে দেখা যায়, এ সময়ে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৬ হাজার ৬৪৬ জনে। এর মধ্যে নিশ্চিত শনাক্ত রোগী ২৫ হাজার ১১১ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ২ লাখ ২০ হাজার ২৪৭ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ছাড়পত্র পেয়েছেন ২ লাখ ১১ হাজার ৩০৩ জন।

এ সময়ে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে মোট ১ হাজার ২০১ জনের মৃত্যু হয়েছে। নিশ্চিত হামে মারা গেছেন ১০৫ জন।

Source: জাগো নিউজ২৪