চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) এলাকায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ও ক্যাচআপ কর্মসূচির আওতায় এ পর্যন্ত তিন লাখ ৬৪ হাজার ১৫৪ শিশুকে টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে গত ২৬ সেপ্টেম্বর শুরু হওয়া ক্যাচআপ কর্মসূচিতে টিকা পেয়েছে ৪০ হাজার ১৫ শিশু। এই কর্মসূচি আগামী ৩০ নভেম্বর পর্যন্ত চলবে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) চসিকের স্বাস্থ্য বিভাগের উদ্যোগে আয়োজিত হাম-রুবেলা ক্যাচআপ টিকাদান কার্যক্রমের বিশেষ ক্রাশ প্রোগ্রামে এসব তথ্য জানান সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন।

তিনি বলেন, সম্প্রতি সারাদেশে হাম রোগের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় গত ২০ এপ্রিল থেকে ২০ মে পর্যন্ত চসিক এলাকায় ছয় থেকে ৫৯ মাস বয়সী তিন লাখ ২৩ হাজার ২১৯ শিশুকে হাম-রুবেলার টিকা দেওয়া হয়। এরপর গত ২৬ সেপ্টেম্বর থেকে বাদ পড়া শিশুদের জন্য ক্যাচআপ টিকাদান কর্মসূচি শুরু হয়।

ডা. শাহাদাত হোসেন জানান, এই কর্মসূচির আওতায় বাড়ি বাড়ি অনুসন্ধান করে টিকা না পাওয়া শিশুদের শনাক্ত করা হচ্ছে। পাশাপাশি লক্ষ্যমাত্রা অর্জনের জন্য বাদ পড়া শিশুদের হালনাগাদ তালিকা তৈরি করে অতিরিক্ত ও বিশেষ টিকাদান সেশনের ব্যবস্থা করা হয়েছে।

চসিকের ৪১টি ওয়ার্ডে সাতটি ইপিআই জোনের মাধ্যমে নিয়মিত টিকাদান কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে জানান তিনি। স্বাস্থ্য অধিদপ্তর, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফের সহযোগিতায় মা ও শিশুর জীবন রক্ষায় এই কার্যক্রম আরও জোরদার করা হচ্ছে বলেও উল্লেখ করেন প্রশাসক।

তিনি আরও জানান, ছয় মাস থেকে পাঁচ বছরের কম বয়সী যেসব শিশু হাম-রুবেলার টিকা থেকে বাদ পড়েছে, তাদের ক্যাচআপ কর্মসূচির আওতায় আনা হচ্ছে। নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় নয় এবং ১৫ মাস বয়সে নির্ধারিত ডোজ নেওয়া শিশুরাও ক্যাম্পেইনের ডোজ থেকে বাদ পড়ে থাকলে তাদের অতিরিক্ত এক ডোজ টিকা নিতে হবে। তবে আগের ডোজ ও ক্যাম্পেইনের ডোজের মধ্যে ন্যূনতম ২৮ দিনের ব্যবধান নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আমিন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শেখ ফজলে রাব্বী, চসিকের ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ ইমাম হোসেন রানা, চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাজেদুর রহমান, ইউনিসেফের হেলথ অফিসার ডা. দেলোয়ার হোসেন, ন্যাশনাল ইপিআই আরবান স্পেশালিস্ট ডা. সরোয়ার আলম এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিভাগীয় সমন্বয়ক ডা. ইমং প্রু চৌধুরীসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।

Source: জাগো নিউজ২৪