বিদেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কেবল সমঝোতা স্মারক (এমওইউ) সই করলেই আন্তর্জাতিক সহযোগিতার ফল মিলবে না। এসব চুক্তিকে কার্যকর করতে হবে। যৌথ গবেষণা, শিক্ষক বিনিময়, যৌথ পাঠদান এবং পিএইচডি গবেষণায় যৌথ তত্ত্বাবধানের মাধ্যমে বিদেশি বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে বাস্তবভিত্তিক কাজ হওয়া দরকার। শুক্রবার (২০ নভেম্বর) রাজধানীর শেরাটন হোটেলে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রেসিডেন্টসের (আইএইউপি) ২০২৬ সালের অর্ধবার্ষিক সভার সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে এমন অভিমত জানান বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।
ইউজিসি চেয়ারম্যান বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণাকে আন্তর্জাতিক পর্যায়ে এগিয়ে নিতে বিদেশি বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে কার্যকর অংশীদারত্ব গড়ে তুলতে হবে। আনুষ্ঠানিক চুক্তির মধ্যেই বিষয়টি সীমিত থাকলে চলবে না। এসব সহযোগিতার সুফল শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকদের কাছে পৌঁছাতে হবে। এ লক্ষ্যে তিনি তিনটি উদ্যোগ নেওয়ার প্রস্তাব দেন।
তিনটি উদ্যোগের প্রস্তাব
প্রস্তাবিত উদ্যোগগুলো হলো—শিক্ষকদের পেশাগত দক্ষতা বাড়াতে আন্তর্জাতিক অংশীদারত্ব গড়ে তোলা; যৌথ গবেষণা এবং শিল্প বা সমাজের সমস্যা সমাধানে প্রকল্প গ্রহণ; আর পাঠদান ও শিক্ষার্থীসেবার মান উন্নয়ন। এসব উদ্যোগ বাস্তবায়নে নির্দিষ্ট সময়সীমাও তুলে ধরেন তিনি। তাঁর ভাষ্য অনুযায়ী, ৩০ দিনের মধ্যে প্রতিটি উদ্যোগের জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি মনোনয়ন করতে হবে, ৯০ দিনের মধ্যে প্রাথমিক কার্যক্রম শুরু করতে হবে এবং ছয় মাসের মধ্যে অগ্রগতি পর্যালোচনা করতে হবে। আগ্রহী বিশ্ববিদ্যালয়গুলোকে এসব উদ্যোগ বাস্তবায়নে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি মনোনয়ন এবং কাজের লক্ষ্য নির্ধারণের আহ্বানও জানান তিনি।
শিল্পের চাহিদা ও বাস্তব সমস্যার সঙ্গে সংযোগ
অধ্যাপক মামুন আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণাকে শিল্প খাতের চাহিদা এবং দেশের বাস্তব সমস্যার সঙ্গে যুক্ত করতে হবে। শুধু ডিগ্রি অর্জন করলেই হবে না। স্নাতকদের কর্মক্ষেত্রের সমস্যা চিহ্নিত করার, দলগতভাবে কাজ করার এবং নতুন উদ্যোগের মাধ্যমে বাস্তব সুফল তৈরির দক্ষতা থাকতে হবে। এ জন্য শিল্পপ্রতিষ্ঠানের তত্ত্বাবধানে ইন্টার্নশিপ, যৌথ প্রকল্প এবং উদ্যোক্তা তৈরির শিক্ষা কার্যক্রম বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি। তবে প্রত্যেক স্নাতককে উদ্যোক্তা হতে হবে—বিষয়টি এমন নয় বলেও তিনি উল্লেখ করেন।
গবেষণায় আন্তর্জাতিক সহযোগিতা ও মানবিক বিদ্যা
গবেষণার ক্ষেত্রে জলবায়ু পরিবর্তন, কৃষি, জনস্বাস্থ্য ও নবায়নযোগ্য জ্বালানির মতো বিষয়ে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান ইউজিসি চেয়ারম্যান। তিনি বলেন, মৌলিক গবেষণার পাশাপাশি বাস্তব সমস্যা সমাধানে গবেষণার প্রয়োগ বাড়াতে হবে। একই সঙ্গে সাহিত্য, ইতিহাস ও দর্শনের মতো মানবিক বিদ্যার চর্চাও চালিয়ে যেতে হবে। গবেষণার মান এবং বিশ্ববিদ্যালয়ের একাডেমিক স্বাধীনতা বজায় রাখাও জরুরি বলে তিনি মন্তব্য করেন।
এআই ব্যবহারে স্পষ্ট নীতিমালার তাগিদ
বিশ্ববিদ্যালয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার নিয়েও কথা বলেন অধ্যাপক মামুন আহমেদ। তাঁর মতে, শিক্ষার্থীরা কোন কাজে এআই ব্যবহার করতে পারবেন, ব্যবহারের তথ্য কীভাবে জানাবেন এবং ব্যক্তিগত তথ্য কীভাবে সুরক্ষিত থাকবে—এ বিষয়ে বিশ্ববিদ্যালয়গুলোর স্পষ্ট নীতিমালা থাকতে হবে। এআইয়ের দেওয়া তথ্য যাচাইয়ের পাশাপাশি শিক্ষার্থীদের নিজস্ব চিন্তা ও যুক্তি প্রকাশের সক্ষমতা মূল্যায়ন করতে হবে। এ জন্য শিক্ষকদেরও নতুন প্রযুক্তি ব্যবহারে দক্ষ করে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।
শিক্ষার মান ও অন্তর্ভুক্তি
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থীদের মতামত গ্রহণ, পাঠ্যক্রম নিয়মিত পর্যালোচনা, মূল্যায়ন পদ্ধতির উন্নয়ন এবং গবেষণায় সততা বজায় রাখার তাগিদ দেন ইউজিসি চেয়ারম্যান। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক অবস্থান কেবল র্যাংকিং দিয়ে বিচার করা যায় না; শিক্ষার মান, ডিগ্রির গ্রহণযোগ্যতা এবং শিক্ষার্থীদের অভিজ্ঞতাও গুরুত্বপূর্ণ। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ডিজিটাল যোগাযোগব্যবস্থা এবং একাডেমিক ও প্রশাসনিক সেবা সমন্বিত করার আহ্বান জানান তিনি। নারী, প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থী এবং বড় শহরের বাইরের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের জন্য সমান সুযোগ তৈরির ওপরও জোর দেন তিনি।
সম্মেলনের একটি অধিবেশনে এআইয়ের যুগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও প্রাতিষ্ঠানিক কাঠামোর রূপান্তর নিয়ে আলোচনা হয়। এতে সার্বিয়ার গ্লোবাল এডুকেশন ফিউচারসের প্রধান নির্বাহী কর্মকর্তা পাভেল লুকশা এবং কাজাখস্তানের আলমাটি ম্যানেজমেন্ট ইউনিভার্সিটির প্রেসিডেন্ট ড. আসিলবেক কোজাখমেতভ অংশ নেন। অনুষ্ঠানে আইএইউপির প্রেসিডেন্ট ও চীনের সিয়াস ইউনিভার্সিটির চেয়ারম্যান ড. শন চেন এবং আইএইউপির কোষাধ্যক্ষ ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. মো. সবুর খান উপস্থিত ছিলেন। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) ও আইএইউপি যৌথভাবে তিন দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করে, যেখানে বিশ্বের ২৫টি দেশের ১৫০ জন প্রতিনিধি অংশ নেন।
Source: জাগো নিউজ২৪






