দেশের দুর্গম হাওর, চরাঞ্চল, উপকূলীয় ও পার্বত্য এলাকায় প্রতিষ্ঠিত ১৪৭টি মডেল মাধ্যমিক বিদ্যালয়কে জাতীয়করণের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মচারীরা। একই সঙ্গে বিশেষ বিবেচনায় এসব বিদ্যালয় জাতীয়করণ এবং সেখানে কর্মরত শিক্ষক-কর্মচারীদের স্ব স্ব পদে আত্মীকরণের দাবিও তারা তুলেছেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সেসিপ, এসইএসডিপি ও এফএসএসএপি-২ প্রকল্পের আওতায় স্থাপিত মডেল মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক-কর্মচারী পরিষদের ব্যানারে এই সংবাদ সম্মেলন হয়।
সংবাদ সম্মেলনে সংগঠনের লিখিত বক্তব্য পড়ে শোনান এর সভাপতি ও ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ধুলিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামাল হোসেন।
যেভাবে প্রতিষ্ঠা হয় বিদ্যালয়গুলো
লিখিত বক্তব্যে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সরকারের আমলে শিক্ষায় পিছিয়ে থাকা দুর্গম অঞ্চলের দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে শিক্ষা ছড়িয়ে দিতে তিনটি প্রকল্পের আওতায় ধাপে ধাপে ১৪৭টি মডেল মাধ্যমিক বিদ্যালয় স্থাপন করা হয়।
সে সময় এসব এলাকায় মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান না থাকায় অনেক শিশুর পড়াশোনা প্রাথমিক স্তরেই থেমে যেত। বিদ্যালয়গুলো চালু হওয়ার পর প্রত্যন্ত অঞ্চলের শিশুরাও মাধ্যমিক ও উচ্চশিক্ষার সুযোগ পাচ্ছে। এসব বিদ্যালয় বাল্যবিয়ে ও শিশুশ্রম প্রতিরোধেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়।
প্রকল্প থেকে এমপিওভুক্তির পথ
শিক্ষক নেতারা জানান, শুরুতে প্রকল্পের মাধ্যমেই এসব বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ও পরিচালন ব্যয় নির্বাহের সিদ্ধান্ত ছিল। পরে বিদ্যালয়গুলো মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) অধীনে ন্যস্ত করার কথা থাকলেও জাতীয়করণ না করে সেগুলোকে এমপিওভুক্ত করা হয়। বর্তমানে এসব বিদ্যালয়ে দরিদ্র শিক্ষার্থীরা বিনা বেতনে পড়ার সুযোগ পাচ্ছে।
আলাদা প্রেক্ষাপটে বিশেষ বিবেচনার দাবি
শিক্ষক নেতারা আরও জানান, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। তবে সরকারি প্রকল্পের আওতায় গড়ে ওঠা এই বিদ্যালয়গুলোর পটভূমি ও উদ্দেশ্য অন্য বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের চেয়ে ভিন্ন। তাই জাতীয়করণের সাধারণ শর্তের বাইরে আলাদা বিবেচনায় এসব বিদ্যালয়কে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন বলে তারা মনে করেন।
সংবাদ সম্মেলনে প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষার সুযোগ নিশ্চিত এবং গ্রাম-শহরের শিক্ষাবৈষম্য কমাতে বিদ্যালয়গুলো জাতীয়করণের উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়। একই সঙ্গে শিক্ষক-কর্মচারীদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে তাদের স্ব স্ব পদে আত্মীকরণের দাবি জানানো হয়।
এ বিষয়ে প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী, শিক্ষা সচিব ও মাউশির মহাপরিচালকের দৃষ্টি আকর্ষণ করেন শিক্ষক নেতারা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ও নেত্রকোনার পূর্বধলা উপজেলার মৌদাম সেসিপ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ গোলাম মোস্তফা, মো. মিজানুর রহমান মানিক, মিলন কান্ত সরকার, মাহফুজার রহমান, মাহমুদুর রহমান বেলায়েত, মো. খায়রুল ইসলাম ও মো. মিজানুর রহমান।
Source: জাগো নিউজ২৪






