বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের বিধিমালা সংশোধন নিয়ে অনিশ্চয়তা কাটেনি। বিদ্যমান বিধিমালা সংশোধন এবং নিয়োগ পদ্ধতি নির্ধারণের উদ্দেশ্যে ডাকা সভা কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে। ফলে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) শিক্ষক নিয়োগ বিধিমালা সংশোধনের কাজ ঝুলে রইল বলে জানিয়েছে জাগো নিউজ।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ১১টায় শুরু হওয়া এ সভা দুপুর ২টার পর শেষ হয়। সভায় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক, এনটিআরসিএ চেয়ারম্যান আলিফ রুদাবা এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হলেও কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। বিধিমালার খসড়া চূড়ান্ত করার জন্য ফের সভা ডাকার কথা জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

সভায় অংশ নেওয়া দুজন কর্মকর্তা জানান, বেলা ১১টায় সভা শুরু হলেও শিক্ষামন্ত্রী যোগ দেন দুপুর দেড়টার দিকে। ফলে খসড়া বিধিমালার কোনো বিষয়েই সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি। তবে শিক্ষক নিয়োগপ্রত্যাশীদের শিক্ষাপ্রতিষ্ঠান পছন্দক্রম দেওয়ার সংখ্যা কমানো নিয়ে আলোচনা হয়েছে।

সভায় অংশ নেওয়া একজন কর্মকর্তা জানান, প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান পছন্দক্রম দেওয়ার কারণে নানা সমস্যা হতো। এ কারণেই পছন্দক্রমের সংখ্যা কমানোর বিষয়ে আলোচনা হয়েছে। তবে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

তিনি আরও জানান, শিক্ষক নিয়োগ বিধিমালা সংশোধনে আরেকটি সভা করা হবে। ওই সভায় বিস্তারিত আলোচনা করে খসড়া বিধিমালা চূড়ান্ত করা হবে। তবে পরবর্তী সভা কবে হবে, তা এখনো নির্ধারণ করা হয়নি; সভার তারিখ পরে জানিয়ে দেওয়া হবে।

তথ্যসূত্র: জাগো নিউজ।

Source: জাগো নিউজ২৪