এনটিআরসিএর মাধ্যমে প্রবেশপর্যায়ে শিক্ষক নিয়োগের পরীক্ষা পদ্ধতিতে পরিবর্তন আনার বিষয়টি আলোচনায় এসেছে। প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক—এই তিন ধাপে বর্তমানে মোট ২৩০ নম্বরের পরীক্ষার বদলে ৪০০ নম্বরের পরীক্ষা নেওয়ার সম্ভাবনা খতিয়ে দেখছে শিক্ষা মন্ত্রণালয়। তবে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে মন্ত্রণালয়ের একটি সূত্র।
মঙ্গলবার (২৪ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যায়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) বিধিমালা ও পরিপত্র সংশোধন-সংক্রান্ত একটি সভা হয়। ওই সভাতেই পরীক্ষার নম্বর বণ্টন পরিবর্তনের প্রস্তাবটি উত্থাপিত হয়।
সভায় উপস্থিত শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, প্রবেশপর্যায়ে শিক্ষক নিয়োগে তিন ধাপে মোট ২৩০ নম্বরের পরীক্ষা নেওয়ার বিষয়ে আগেও মন্ত্রণালয়ের সভায় আলোচনা হয়েছে। সে অনুযায়ী এনটিআরসিএ একটি খসড়া পরিপত্রও তৈরি করেছে।
তবে মঙ্গলবারের সভায় সেই নম্বর বণ্টন বদলে নতুন যে পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে, তাতে প্রিলিমিনারি পরীক্ষার জন্য ১০০, লিখিত পরীক্ষার জন্য ২০০ এবং মৌখিক পরীক্ষার জন্য ১০০ নম্বর রাখার কথা বলা হয়েছে।
ওই কর্মকর্তা আরও জানান, তিন ধাপে মোট ৪০০ নম্বরের পরীক্ষা নেওয়ার বিষয়টি এখনো আলোচনার পর্যায়ে রয়েছে; এটিকে চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে ধরে নেওয়ার সুযোগ নেই। এ বিষয়ে আরেকটি সভা হবে এবং সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে।
সভায় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক, এনটিআরসিএ চেয়ারম্যান আলিফ রুদাবা এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় কয়েকটি বিষয় আলোচনা হলেও কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। বিধিমালার খসড়া চূড়ান্ত করতে ফের সভা ডাকা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
Source: জাগো নিউজ২৪






