শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ। কর্মসূচির মধ্যে রয়েছে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ ভবনগুলোতে পতাকা উত্তোলন, শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।

বুধবার (২৫ নভেম্বর) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ কর্মসূচি চূড়ান্ত করা হয়। সভায় উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানি, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, আবাসিক শিক্ষক ও অফিসপ্রধানরা উপস্থিত ছিলেন।

শহীদ বুদ্ধিজীবী দিবসের কর্মসূচি

১৪ ডিসেম্বর (সোমবার) শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সকাল ৬টা ২০ মিনিটে উপাচার্য ভবনসহ বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ ভবনগুলোতে কালো পতাকা উত্তোলন করা হবে। সকাল সাড়ে ৬টায় অপরাজেয় বাংলার পাদদেশে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা জমায়েত হবেন।

সকাল ৬টা ৩৫ মিনিটে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণের কবরস্থান, জগন্নাথ হল প্রাঙ্গণের স্মৃতিসৌধ এবং বিভিন্ন আবাসিক এলাকার স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হবে। এরপর মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ ও রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা যাত্রা করবেন।

এদিন বেলা সোয়া ১১টায় উপাচার্যের সভাপতিত্বে ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়া বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিয়াসহ বিভিন্ন হলের মসজিদ ও অন্যান্য উপাসনালয়ে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফেরাত ও শান্তি কামনায় দোয়া এবং প্রার্থনার আয়োজন করা হবে।

মহান বিজয় দিবসের কর্মসূচি

১৬ ডিসেম্বর (বুধবার) মহান বিজয় দিবস উপলক্ষে সকাল ৬টা ২০ মিনিটে উপাচার্য ভবনসহ বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ ভবনগুলোতে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল সাড়ে ৬টায় উপাচার্য ভবনসংলগ্ন স্মৃতি চিরন্তন চত্বরে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা জমায়েত হবেন।

সকাল ৬টা ৩৫ মিনিটে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা সাভার জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে যাত্রা করবেন। সেখানে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হবে।

দিবসটি উপলক্ষে সন্ধ্যা পৌনে ৬টায় ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ, নৃত্যকলা বিভাগ এবং থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করবে। এছাড়া বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিয়াসহ বিভিন্ন হল ও আবাসিক এলাকার মসজিদে শহীদদের রুহের মাগফিরাত এবং দেশের সমৃদ্ধি ও উন্নতি কামনায় দোয়া করা হবে। অন্যান্য উপাসনালয়েও শহীদদের আত্মার শান্তি কামনায় প্রার্থনাসভার আয়োজন করা হবে।

দিবসটি উপলক্ষে কলা ভবন, কার্জন হল, ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) ও স্মৃতি চিরন্তনসহ বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে আলোকসজ্জা করা হবে।

Source: জাগো নিউজ২৪