লিঙ্গভিত্তিক সহিংসতা ও যৌন হয়রানি প্রতিরোধে শুধু প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি আর আইন প্রণয়ন করলেই হয় না; আইনের যথাযথ প্রয়োগ এবং ক্যাম্পাসের সব অংশীজনের সম্মিলিত উদ্যোগও সমান জরুরি। এই কাজে তরুণ প্রজন্মকে কার্যকর ভূমিকা রাখতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

বুধবার (২৫ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগ ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ যৌথভাবে অনুষ্ঠানটির আয়োজন করে। তথ্যসূত্র: জাগো নিউজ।

‘সক্রিয় অভিযোগ সেল রয়েছে’

উপাচার্য বলেন, যৌন হয়রানি প্রতিরোধে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি সক্রিয় অভিযোগ সেল রয়েছে। নিরাপদ ক্যাম্পাস গড়ে তুলতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী—সবার সহযোগিতা প্রয়োজন। তিনি এ সমস্যা সমাধানে কার্যকর উপায় খুঁজে বের করার ওপরও গুরুত্বারোপ করেন।

অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম আরও বলেন, ক্যাম্পাসে এমন একটি সংস্কৃতি গড়ে তুলতে হবে, যেখানে সবাই একে অপরের প্রতি শ্রদ্ধাশীল থাকবে। শিক্ষার্থীরা নির্ভয়েই নিজেদের মতামত প্রকাশ করতে পারবে এবং কেউ কোনো ধরনের বৈষম্য, হয়রানি বা সহিংসতার শিকার হবে না।

কারা উপস্থিত ছিলেন

উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের চেয়ারপারসন ড. সাবিহা ইয়াসমিন রোজীর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ।

বিশেষ অতিথি ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রোগ্রাম ডিরেক্টর মোহাম্মদ মাহিন নেওয়াজ চৌধুরী।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রাশনা ইমাম। ধন্যবাদ জ্ঞাপন করেন বিভাগের অধ্যাপক ড. তানিয়া হক।

৪৭ প্রস্তাবনা থেকে পুরস্কার পেল ১১টি

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে অনুষ্ঠানে একটি আইডিয়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে জমা পড়া ৪৭টি প্রস্তাবনার মধ্য থেকে ১১টি আইডিয়াকে পুরস্কৃত করা হয়।

পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন— তাসমিয়া আলম সুপ্তি, বাঁধন সাহা, সুচিতা আহমেদ রাভি, ফারজানা রাহমেদ শুচি, সাবরিনা রহমান সিম্মি, সাজিদা জামান তানহা, উজমা ফারিয়া মুন, শাবনাজ জামান, জুনায়েদ শাকিল, তাসিন মিথ এবং কাজী শামসুজ্জামান।

লিঙ্গভিত্তিক সহিংসতার বিরুদ্ধে বৈশ্বিক প্রচারণার অংশ হিসেবে প্রতিবছর ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত ১৬ দিনব্যাপী আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালন করা হয়। এ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের উদ্যোগে আলোচনা অনুষ্ঠান ও আইডিয়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।

Source: জাগো নিউজ২৪