নাটক ও সাহিত্যকর্মের মাধ্যমে বিভিন্ন দেশের মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও সাংস্কৃতিক বন্ধন আরও দৃঢ় করা সম্ভব বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী। তিনি বলেন, যৌথ গবেষণা, প্রাতিষ্ঠানিক সহযোগিতা এবং শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে আন্তঃদেশীয় সম্পর্ক জোরদার করা যেতে পারে।

রোববার (২৯ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের উদ্যোগে নাটমণ্ডলে আয়োজিত এক আন্তর্জাতিক সেমিনারে তিনি এসব কথা বলেন। ‘বাংলাদেশের সংস্কৃতিতে নরওয়ের নাট্যকার হেনরিক ইবসেনের পিয়ের গিন্ট নাটকের অভিযোজন ও উপযোজন: পীরচাঁনের পালা, নেটিভপিয়ের ও পিয়ারু গাজির গল্পের দেশ পরিভ্রমণ’ শীর্ষক এ সেমিনার আয়োজন করা হয়।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আলফেছানী বলেন, পৃথিবীর সব মানুষের আবেগ ও অনুভূতি একই রকম। দুঃখ-কষ্ট, আনন্দ-বেদনা প্রকাশের ধরনেও মানুষের মধ্যে মিল রয়েছে। প্রত্যেকেই নাটক ও উপন্যাস উপভোগ করেন। ফলে নাটক, উপন্যাসসহ সৃজনশীল শিল্পকর্ম মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগ, বোঝাপড়া ও সম্পর্ক তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তিনি আরও বলেন, যৌথ গবেষণা, প্রাতিষ্ঠানিক সহযোগিতা এবং শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে বিভিন্ন দেশের জনগণের মধ্যে পারস্পরিক ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলা সম্ভব। নাটক ও সাহিত্যকর্মের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের জ্ঞান ও সাংস্কৃতিক চর্চা সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

সেমিনারে সভাপতিত্ব করেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার নরওয়ে দূতাবাসের ডেপুটি হেড অব মিশন আলেক্সান্ডার ফাঙ্ক-বিল্ডেন। থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. শাহমান মৈশান মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

আলোচনায় অংশ নেন থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের অনারারি অধ্যাপক ড. সৈয়দ জামিল আহমেদ এবং অভিনেতা, নির্দেশক ও প্রযোজক তারিক আনাম খান। সেমিনার আয়োজক কমিটির আহ্বায়ক সহযোগী অধ্যাপক মো. আশিকুর রহমান লিয়ন স্বাগত বক্তব্য দেন।

তথ্যসূত্র: জাগো নিউজ শিক্ষা

Source: জাগো নিউজ২৪