পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রাথমিক বৃত্তি পরীক্ষা আট দিন পিছিয়ে দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। কোনো কারণ উল্লেখ না করেই পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ করা হয়েছে। রোববার (২৯ নভেম্বর) অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মোহাম্মদ কামরুল হাসানের সই করা এক চিঠিতে এই পরিবর্তিত সূচি জানানো হয়।
আগের সময়সূচি অনুযায়ী পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল আগামী ২০ ডিসেম্বর এবং শেষ হওয়ার কথা ছিল ২৩ ডিসেম্বর। নতুন সূচি অনুযায়ী পরীক্ষা শুরু হবে ২৮ ডিসেম্বর এবং চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। তবে কেন পরীক্ষা পেছানো হয়েছে, তা অধিদপ্তর জানায়নি।
পরীক্ষা পেছানোর খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষক ও অভিভাবকরা। বছরের শেষ দিন পর্যন্ত শিশুদের পরীক্ষার মধ্যে রাখার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা।
আব্দুল ওয়াহাব নামে এক অভিভাবক ফেসবুকে লিখেছেন, ‘বছরের শেষ দিন পর্যন্ত বৃত্তি পরীক্ষা—এটা কোন যুক্তি! ২০ তারিখের প্রাথমিক বৃত্তি পরীক্ষা টেনে মাসের একেবারে শেষে ৩১ ডিসেম্বর পর্যন্ত নেওয়া কোন যুক্তিতে পড়ে? বছরের শেষে যেখানে বাচ্চারা একটু হাঁফ ছাড়ে, নতুন ক্লাসের প্রস্তুতি নেয় আর ১ জানুয়ারি থেকে নতুন অধ্যায় শুরু হয়, সেখানে বছরের শেষ দিন পর্যন্ত পরীক্ষা!’ তিনি আরও লিখেছেন, ‘একজন অভিভাবক হিসেবে কোমলমতি শিক্ষার্থীদের ওপর এমন চাপের সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানাই।’
শিক্ষক ও অভিভাবকরা বলছেন, বার্ষিক পরীক্ষা শেষে শীতকালীন ছুটিতে শিশুদের বেড়ানো, খেলাধুলা ও পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ থাকে। কিন্তু বৃত্তি পরীক্ষা পেছানোর কারণে এবার সেই সুযোগ থেকে বঞ্চিত হবে পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা। পুরো ডিসেম্বর মাসই তাদের পরীক্ষার প্রস্তুতি নিয়ে ব্যস্ত থাকতে হবে। তাঁদের মতে, ৩১ ডিসেম্বর বৃত্তি পরীক্ষা শেষ করে পরদিনই শিক্ষার্থীদের নতুন শিক্ষাবর্ষে পা রাখতে হবে। ফলে একটি শিক্ষাবর্ষ শেষ ও আরেকটি শিক্ষাবর্ষ শুরুর মাঝে বিশ্রামের সুযোগটুকুও পাচ্ছে না শিশুরা। শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের বিষয়টি বিবেচনায় নিয়ে পরীক্ষার সময়সূচি নির্ধারণ করা উচিত ছিল বলে মনে করেন তাঁরা।
বিষয়টি নিয়ে জানতে চাইলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মোহাম্মদ কামরুল হাসান বলেন, কর্তৃপক্ষের সিদ্ধান্তে বৃত্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। কী কারণে এটি করা হয়েছে, সেটি তিনি বলতে পারবেন না।
পরিবর্তিত সূচি অনুযায়ী, ২৮ ডিসেম্বর বাংলা, ২৯ ডিসেম্বর ইংরেজি, ৩০ ডিসেম্বর প্রাথমিক গণিত এবং ৩১ ডিসেম্বর বাংলাদেশ ও বিশ্বপরিচয় ও প্রাথমিক বিজ্ঞান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পরীক্ষা চলবে। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীরা অতিরিক্ত ৩০ মিনিট সময় পাবে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মোহাম্মদ কামরুল হাসানের সই করা চিঠির তথ্য উল্লেখ করে জাগো নিউজের প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
Source: জাগো নিউজ২৪






