বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হতে গেলে নানা ধরনের সমঝোতার মুখোমুখি হতে হয় বলে মন্তব্য করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও জাতীয় অধ্যাপক ড. মাহবুব উল্লাহ। তিনি ব্যঙ্গ করে বলেন, ‘এ যুগে উপাচার্য হতে গেলে অনেক কিছু হতে হয়। যারা সাপ ও ব্যাঙের মুখে চুমু খেতে সক্ষম, তারাই উপাচার্য হন। যে কারণে আমি কখনো উপাচার্য হতে পারিনি। কারণ আমি সাপকে ভয় পাই।’
রোববার (২৯ নভেম্বর) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘কেমন শিক্ষাক্রম চাই’ শীর্ষক সুধীজন সংলাপে তিনি এসব কথা বলেন। জাগো নিউজ শিক্ষা বিভাগের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
এ সময় জাতীয় অধ্যাপক ড. মাহবুব উল্লাহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ফোনে পাওয়া যায় না বলেও অভিযোগ করেন। তিনি শিক্ষকদের মধ্যে কলহ, দলাদলি, মাত্রাতিরিক্ত রাজনীতি ও নৈতিকতার অভাব নিয়েও সমালোচনা করেন।
শিক্ষাব্যবস্থার মূল সংকট প্রসঙ্গে অধ্যাপক মাহবুব উল্লাহ বলেন, ‘দেশের শিক্ষাব্যবস্থায় শিক্ষাক্রম কিংবা পাঠ্যবই মূল সংকট নয়, মূল সংকট ভালো শিক্ষকের। আমাদের প্রতিটি স্কুলে একজন করে ভালো ও মানসম্পন্ন শিক্ষক দেওয়া গেলে আমরা একটি ভালো জাতি পেতাম।’
বর্তমান শিক্ষাক্রমের সমালোচনা করে তিনি বলেন, ‘আমরা যে শিক্ষাক্রমে শিখেছি, সেখানে তো সমস্যা হয়নি। আমরা যে ভূগোল পড়েছি, তাতে এক অর্থে পুরো বিশ্বকে জেনেছি। জাপান থেকে চিলি পর্যন্ত মানুষের আর্থসামাজিক অবস্থা জেনেছি। আর এখন শিক্ষার্থীরা কিছুই শিখছে না।’
ইংরেজি ভাষা শিক্ষার বিষয়ে তিনি অভিযোগ করেন, তথাকথিত কমিউনিকেটিভ ইংরেজির নামে ইংরেজি ভাষা শিক্ষাকে জলাঞ্জলি দেওয়া হয়েছে। যারা এ কাজ করেছেন, তারা জাতির ব্যাপক ক্ষতি করেছেন বলে মন্তব্য করেন তিনি।
শিক্ষার্থীদের বহুমুখী জ্ঞান অর্জনের ওপর গুরুত্ব দিয়ে জাতীয় অধ্যাপক বলেন, ‘আমি অর্থনীতির ছাত্র, তাই বলে ভাষাজ্ঞান বুঝবো না, গণিত বুঝবো না, তা নয়। আগে দার্শনিকরা শুধু একটি বিষয়ে জ্ঞান রাখতেন না। সব বিষয়ে জ্ঞান রাখতেন। আমাদের সেসব শিক্ষা কোথায় গেলো?’
ইংরেজি ভাষা শিক্ষার দুরবস্থা তুলে ধরে তিনি আরও বলেন, ‘আমাদের শিক্ষাব্যবস্থার কী সমস্যা হলো যে ১২ বছর ইংরেজি পড়েও শিক্ষার্থীরা একটি বাক্য লিখতে পারে না? আমি মনে করি, তৃতীয় ভাষা নয়, চতুর্থ ও পঞ্চম ভাষা জানাও শিক্ষার্থীদের দরকার। কারণ যে যত ভাষা জানে, তার জন্য জ্ঞানের তত বেশি দুয়ার খুলে যায়।’
শিক্ষার্থীদের ওপর বইয়ের বোঝা না চাপিয়ে কীভাবে আনন্দদায়ক শিক্ষা দেওয়া যায়, সেদিকে নজর দেওয়ার তাগিদ দেন অধ্যাপক মাহবুব উল্লাহ। পাশাপাশি দেশের অর্থনীতি সংস্কারের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।
এ শিক্ষাবিদ বলেন, ‘আমরা এমন একটা শিক্ষাক্রম চাই, যেখানে সঠিক প্রশ্নটা করা যায়। আমাদের সৎ ও ভালো মানুষ তৈরির শিক্ষাক্রম দরকার। আমরা আমাদের শিক্ষাক্রমকে সেভাবে সাজাই, যেন তা একজন ভালো মানুষ তৈরি করে। আর ভালো মানুষ ভালো বাংলাদেশ তৈরি করবে।’
তথ্যসূত্র: জাগো নিউজ শিক্ষা
Source: জাগো নিউজ২৪






