ইউক্রেনের অন্তত নয়টি অঞ্চলে শুক্রবার (১৬ অক্টোবর) রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে আটজন নিহত ও ৬০ জন আহত হয়েছেন। দুটি শপিং সেন্টারসহ বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয় এবং ১০ লাখের বেশি মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েন।

পূর্বাঞ্চলীয় খারকিভের তিনটি জেলায় হামলায় ৭১ বছরের এক নারী ও ৫৮ বছরের এক পুরুষ নিহত এবং ১২ জন আহত হন বলে গভর্নর ওলেহ সিনিয়েহুবভ জানান। দোনেৎস্কের ক্রামাতোরস্কে দুজন এবং দনিপ্রোপেত্রোভস্কে আরও দুজন প্রাণ হারান।

পোল্যান্ড সীমান্তঘেঁষা ভোলিন অঞ্চলে একটি খাদ্য প্রক্রিয়াজাতকরণ কারখানায় ড্রোন হামলায় একজন নিহত ও আটজন আহত হন বলে জানান গভর্নর রোমান রোমানিউক। কিয়েভ থেকে পোল্যান্ডগামী পথে কোভেল শহরের কাস্টমস টার্মিনালে অন্তত ১০টি ট্রাকে আগুন ধরে যায়; রিভনেতে একটি বড় শপিং সেন্টার ক্ষতিগ্রস্ত হয়ে একজন নিহত ও সাতজন আহত হন বলে জানান আঞ্চলিক গভর্নর ওলেক্সান্দ্র কোভাল।

ইউক্রেনের জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, বিদ্যুৎহীন হয়ে পড়া ১০ লাখের বেশি মানুষের কাছে পরে সরবরাহ ফিরিয়ে আনা গেছে। ভোলিনে প্রায় ৩ লাখ ৭০ হাজার পরিবার অন্ধকারে ছিল, যার মধ্যে অন্তত এক লাখ পরিবারের সংযোগ পুনরায় চালু হয়েছে; বাকি এলাকায় কাজ চলছে।

শীত সামনে রেখে ইউক্রেনের বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামোয় রাশিয়ার হামলা আবার তীব্র হওয়ার আশঙ্কা করছেন পর্যবেক্ষকেরা।