থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংকের বার্ষিক সভাকে ঘিরে টানা দুই দিন বিক্ষোভ করেছেন কৃষক, শ্রমিক, পরিবেশ ও নাগরিক অধিকার সংগঠনের কর্মীরা।
ঋণনীতি, অর্থনৈতিক বৈষম্য, বড় উন্নয়ন প্রকল্পের ক্ষতিকর প্রভাব এবং নীতিনির্ধারণে সাধারণ মানুষের অংশগ্রহণের দাবিতে বিক্ষোভকারীরা সভাস্থল কুইন সিরিকিত ন্যাশনাল কনভেনশন সেন্টারের দিকে মিছিল নিয়ে এগোনোর চেষ্টা করেন। পুলিশ তাদের আটকে দিলে আশপাশের কয়েকটি সড়কে যান চলাচল ব্যাহত হয়।
আন্দোলনকারীদের অভিযোগ, আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর ঋণ ও উন্নয়ন সিদ্ধান্তে সাধারণ মানুষের স্বার্থ যথেষ্ট গুরুত্ব পায় না, অথচ এসব সিদ্ধান্তের আর্থিক ও সামাজিক মূল্য শেষ পর্যন্ত কৃষক, শ্রমিক, নিম্ন আয়ের মানুষ ও স্থানীয় জনগোষ্ঠীকেই চুকাতে হয়।
বাংলাদেশসহ উন্নয়নশীল দেশগুলোর ঋণনির্ভরতা ও কর্মসংস্থানের ঘাটতি এবারের সভার আলোচনার কেন্দ্রে রয়েছে। সম্মেলনকেন্দ্রের বাইরের এই বিক্ষোভ সেই আলোচনায় সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গিই সামনে এনেছে।






