ভারতের ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে-কে আবারও আটক করেছে দিল্লি পুলিশ। শুক্রবার (১৬ অক্টোবর) দিল্লির সেন্ট্রাল পার্কে পতাকা ওড়ানোর কর্মসূচিতে যোগ দিতে রওনা হওয়ার কয়েক মিনিট আগে তাকে তুলে নেওয়া হয়। এনডিটিভির খবরে এ তথ্য জানানো হয়েছে।

ছয় দিন আগে, ১০ অক্টোবর, দিল্লি বিমানবন্দর থেকেও তাকে আটক করা হয়েছিল; পরদিন ছাড়া পেয়ে তিনি পরিবারের কাছে ছুটে যান—তার আগের দিনই বার্ধক্যজনিত কারণে তার দাদি মারা যান।

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে কয়েক দিন ধরে আন্দোলন করছে ককরোচ পার্টির তরুণ সমর্থকেরা। তাদের অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারকে সুবিধা দিতে ভোটার তালিকা থেকে কয়েক কোটি নাম বাদ দেওয়া হয়েছে—শুধু পশ্চিমবঙ্গেই বিধানসভা নির্বাচনের আগে ৭০ লাখ নাম বাদ পড়ে এবং ভোটের পরপরই তা আবার যুক্ত হয়।

শুক্রবারের কর্মসূচি নেওয়া হয়েছিল মূলত দলের দুই সহপ্রতিষ্ঠাতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসের গ্রেপ্তারের প্রতিবাদে। ১৩ অক্টোবর যন্তরমন্তরে পতাকা ওড়ানোর সময় তাদের গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়। তার আগে ১০ অক্টোবর যন্তরমন্তরে জমায়েতের ডাক দিলেও পুলিশ কাউকে সেখানে যেতে দেয়নি।

আটকের আগে পুলিশ অভিজিতের বাড়িতে গিয়ে জানিয়ে দেয়, সেন্ট্রাল পার্কে নিষেধাজ্ঞা জারি আছে, কেউ গেলে তা আইন অমান্য বলে গণ্য হবে। তা সত্ত্বেও পতাকা হাতে রওনা দিলে তাকে আটক করা হয়।