অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সভাপতি নেহা বোরাকে মুক্তি দিয়েছে দিল্লি পুলিশ। তবে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে এবং তাকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হবে বলে জানিয়েছে পুলিশ। বার্তা সংস্থা এএনআই এ খবর দিয়েছে।

পুলিশ জানায়, দিল্লি পুলিশ আইনের ৬৫ ধারার আনুষ্ঠানিকতা শেষে নেহাকে ছাড়া হয়েছে, আর ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১২৬ ও ১৭০ ধারায় ব্যবস্থা নেওয়া হয়েছে দীপকের বিরুদ্ধে। সিজেপির অভিযোগ, তাকে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে এবং পুলিশ কোনো তথ্য দিচ্ছে না।

দীপকের অনুপস্থিতিতে দলের দায়িত্বে থাকা অজিঙ্কা শিন্ডে বলেন, আটকের আট ঘণ্টা পেরিয়ে গেলেও তারা জানেন না তিনি কোথায়; আইনজীবী বা দলের কারও সঙ্গে যোগাযোগের সুযোগও দেওয়া হচ্ছে না, আর আটকের কারণও স্পষ্ট নয়।

শুক্রবার (১৬ অক্টোবর) কনট প্লেসের সেন্ট্রাল পার্কে ‘লেহরা দো তেরঙ্গা’ মার্চের কয়েক ঘণ্টা আগে পুলিশ দীপকেকে নোটিশ পাঠিয়ে কর্মসূচি না করার নির্দেশ দেয়; পরে করোলবাগে এনসিপি (শারদ পাওয়ার) মুখপাত্র অনীশ গাওয়ান্ডের বাসা থেকে তাকে আটক করা হয়। একই দিন যন্তরমন্তরের কাছ থেকে আটক হন নেহা, যাকে ১০ অক্টোবরও একবার আটক করে ছেড়ে দেওয়া হয়েছিল।

সিজেপির আরও দুই নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা পাঁচ দিনের কারা হেফাজতে আছেন। ভোটার তালিকা সংশোধন ও প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে দিল্লিতে চলা তরুণদের আন্দোলন ঘিরে পুলিশি তৎপরতা নিয়ে সমালোচনা বাড়ছে।