ভারত ও পাকিস্তানের সংঘাত তিনিই থামিয়েছিলেন, এমন দাবি আবারও করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে শুক্রবার (২৩ অক্টোবর) ফ্লোরিডায় আয়োজিত এক সমাবেশে তিনি বলেন, পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশীকে চড়া শুল্কের হুমকি দিয়েই লড়াই বন্ধে বাধ্য করেছিলেন তিনি।

ট্রাম্পের ভাষ্য, গত বছর দুই দেশের সংঘাত যখন ছড়িয়ে পড়ছিল, তখন তিনি তাদের জানিয়ে দেন, লড়াই চললে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য বন্ধ হবে এবং দুই দেশের ওপর ২৫০ শতাংশ শুল্ক বসবে। তার দাবি, এতে ভারত ও পাকিস্তান ভীষণ ক্ষুব্ধ হলেও শেষে দুই দেশই গোলাগুলি থামায় এবং যুদ্ধের অবসান ঘটে।

বক্তব্যে ১১টি বিমান ভূপাতিত হওয়ার প্রসঙ্গও টানেন ট্রাম্প। তবে কোন দেশের কয়টি বিমান ভূপাতিত হয়েছিল, সেই হিসাব দেননি তিনি।

ট্রাম্প আরও বলেন, এসব যুদ্ধ থামাতে পারা সত্যিই সম্মানের ব্যাপার এবং এ কাজে জাতিসংঘের কোনো সাহায্য তিনি নেননি। তার দাবি, জাতিসংঘে একবারও ফোন না করেই সব যুদ্ধ থামানো হয়েছে, আর কয়েকটি বাকি আছে। নির্বাচনে লড়ার সময় এত যুদ্ধ চলছে, সে ধারণাও তার ছিল না বলে জানান তিনি।

কূটনৈতিক এসব সাফল্যের পরও শান্তিতে নোবেল না পাওয়া নিয়ে হতাশাও প্রকাশ করেন ট্রাম্প। তার ভাষায়, ‘আমি আটটি যুদ্ধের নিষ্পত্তি করেছি। আমি কি নোবেল পুরস্কার পেয়েছি? না।’