ইতালির রোমে বেড়াতে আসা এক নারী পর্যটককে মেট্রো ট্রেনে যৌন হয়রানির অভিযোগে এক বাংলাদেশি যুবককে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৮ জানুয়ারি) ভ্যাটিকান সিটিতে যাওয়ার পথে ঘটনাটি ঘটে।
অভিযোগ অনুযায়ী, চলন্ত ট্রেনে ওই যুবক কিশোরীটিকে স্পর্শ করেন এবং যৌন হয়রানির চেষ্টা চালান। তার চিৎকারে আশপাশের যাত্রীরা এগিয়ে এসে পুলিশে খবর দেন, পরে ভিত্তোরিও ইমানুয়েল স্টেশনে অভিযুক্তকে আটক করা হয়।
তদন্তে জানা গেছে, পুলিশের খাতায় তাঁর অপরাধের রেকর্ড আগে থেকেই আছে; ২০২৪ সালে বাসে এক নারীকে হেনস্তার অভিযোগেও তিনি গ্রেপ্তার হন। এবার গুরুতর যৌন সহিংসতার অভিযোগে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
ঘটনাটি নিয়ে ফেসবুকে পোস্ট দেন ইতালির সাবেক উপ-প্রধানমন্ত্রী মাত্তেও সালভিনি। কট্টরপন্থি এই রাজনীতিবিদ এমন অপরাধের বিরুদ্ধে সোচ্চার এবং প্রবাসীদের প্রতি বিরূপ বলে পরিচিত। এ ঘটনায় ইতালিতে বাংলাদেশ কমিউনিটির ভাবমূর্তি নিয়ে প্রশ্ন উঠেছে।





