জার্মান এনজিওর জাহাজ ‘সি-আই ৫’ ও ‘কোলিব্রি ২’ বিমানের যৌথ তৎপরতায় ভূমধ্যসাগরে একটি কাঠের নৌকা থেকে ৪৭ অভিবাসী উদ্ধার হয়েছেন। প্রায় ৩২ ঘণ্টার যাত্রা শেষে গত ৪ ফেব্রুয়ারি তাঁদের দক্ষিণ ইতালির ভিবো ভালেন্তিয়া বন্দরে নামানো হয়।

ঘূর্ণিঝড় হ্যারির প্রভাবে উত্তাল সাগরেই প্রাণের ঝুঁকি নিয়ে যাত্রা করেছিলেন তাঁরা। অনেকে হাইপোথার্মিয়া, পানিশূন্যতা, স্ক্যাবিস এবং জ্বালানি ও লোনা পানির মিশ্রণে পোড়া ক্ষতে ভুগছিলেন।

এনজিওগুলোর দাবি, ৩২ ঘণ্টা দূরের বন্দরে পাঠানোর সরকারি সিদ্ধান্তে অসুস্থরা পথে আরও দুর্বল হয়ে পড়েন। লিবিয়া ও ভ্যাটিকানের শরণার্থী সংস্থাগুলো আশঙ্কা করছে, সাম্প্রতিক ঝড়ে আরও শত শত বা হাজারো অভিবাসী সাগরে নিখোঁজ থাকতে পারেন।

চলতি বছর এ পর্যন্ত ইতালিতে পৌঁছানো ১ হাজার ৫৭২ অভিবাসীর ৪৯৮ জনই বাংলাদেশি, যা দেশভিত্তিক তালিকায় শীর্ষে।