মহান ভাষা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ইতালির রাজধানী রোমে শিশু-কিশোরদের নিয়ে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করেছে স্বাধীন বাংলা টেলিভিশন অনলাইন। শনিবার (৭ ফেব্রুয়ারি) রোমের তরপিনাত্তারা এলাকায় রসই রেস্টুরেন্টের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভাষাশহীদদের স্মরণে সংক্ষিপ্ত আলোচনা সভাও হয়।
ক, খ ও গ—এই তিন বিভাগে প্রতিযোগিতায় অংশ নেয় মাদানী স্কুল, ইউরোপিয়ান ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ ও সঞ্চারী শিল্পী গোষ্ঠীসহ রোমের বিভিন্ন প্রতিষ্ঠানের নানা বয়সী শিক্ষার্থীরা। শিক্ষার্থী, অভিভাবক ও বাংলাদেশি কমিউনিটির বহু মানুষের উপস্থিতিতে মিলনায়তন উৎসবমুখর হয়ে ওঠে।
আলোচকেরা ভাষা আন্দোলনের চেতনা ও মাতৃভাষার গুরুত্ব তুলে ধরেন। বিদেশে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মধ্যে বাংলা ভাষা ও সংস্কৃতি বাঁচিয়ে রাখা কতটা জরুরি, সে কথাও বলেন তাঁরা।
স্বাধীন বাংলা টেলিভিশনের চেয়ারম্যান সৈয়দ সুমন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন হাজি জসিম উদ্দিন, যিনি ইউরোপিয়ান ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান; সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান সম্পাদক এম ডি রিয়াজ হোসেন ও ব্যবস্থাপক কাজী শাহাজাহান।
ইতালিতে বসবাসরত বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ ব্যক্তিত্ব লুৎফর রহমানকে আজীবন সম্মাননা ক্রেস্ট দেয় স্বাধীন বাংলা টেলিভিশন অনলাইন। শেষে অতিথিরা প্রতিযোগিতায় বিজয়ী শিশু-কিশোরদের হাতে পুরস্কার তুলে দেন।






