ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জোটের নিরঙ্কুশ জয়ের পর রোমে বাংলাদেশ দূতাবাসে গিয়ে রাষ্ট্রদূতসহ কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ইতালি বিএনপির নেতারা। সোমবার (১৬ ফেব্রুয়ারি) এ উপলক্ষে দুই পক্ষের মতবিনিময় সভাও হয়।

দীর্ঘ ২০ বছর পর বিএনপি আবার ক্ষমতায় ফিরেছে। সভায় দলটির নেতারা দূতাবাসকে ধন্যবাদ জানিয়ে সমন্বয়ের ভিত্তিতে প্রবাসীদের কল্যাণে কাজ করার অঙ্গীকার করেন।

রাষ্ট্রদূত এটিএম রকিবুল হক বিএনপির নতুন সরকার গঠনকে স্বাগত জানিয়ে দলটির ইতালিপ্রবাসী নেতাসহ সবাইকে অভিনন্দন জানান। দূতাবাস সব সময় প্রবাসীদের কল্যাণে কাজ করবে বলে আশ্বাস দিয়ে তিনি দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সভায় রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন মিনিস্টার মো. রিয়াদ হোসেন এবং প্রথম সচিব আল-আমীন ও মারজুক ইসলাম। বিএনপির পক্ষে ছিলেন আমিনুর রহমান সালাম (ইতালি বিএনপির সদ্য বিদায়ী কমিটির ভারপ্রাপ্ত সভাপতি), হুমায়ুন কবির (রোম মহানগর বিএনপির সাবেক সভাপতি) ও মাসুম বিল্লাহ (ইতালি বিএনপির সাবেক সহ-সভাপতি)।

স্বেচ্ছাসেবক দল দক্ষিণের আহ্বায়ক আইয়ুব আলী ও যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আলী আহমেদ খোকনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।