পূর্বনির্ধারিত বিদ্যুৎ বিভ্রাটের কারণে শুক্রবার (১৫ মে) রোমে বাংলাদেশ দূতাবাসের কনস্যুলার সেবা বন্ধ থাকবে। রোমের বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা ‘এরেতি’-র নোটিশ অনুযায়ী, দূতাবাস যে এলাকায়, সেই ‘ভিয়া ডেল-আন্টার্তিদে’ ও আশপাশে ওই দিন সকাল সাড়ে ১০টা-বিকেল সাড়ে ৬টা বিদ্যুৎ থাকবে না।

দূতাবাস জানিয়েছে, এ কারণে দিনটিতে পাসপোর্ট এনরোলমেন্ট ও ডেলিভারি, বিভিন্ন সনদ, জন্ম নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি)-সংক্রান্ত সেবা দেওয়া যাবে না।

সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে দূতাবাস সেবাপ্রত্যাশীদের সহযোগিতা চেয়েছে। ১৫ মে যাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল, তারা পরে সুবিধামতো যেকোনো কার্যদিবসে এসে সেবা নিতে পারবেন; বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হলে পরের কার্যদিবস থেকে কনস্যুলার কার্যক্রম আবার চালু হবে।