রোমের বহুসাংস্কৃতিক এলাকা তরপিনাত্ত্বরায় হয়ে গেল আন্তর্জাতিক উৎসব ‘টেস্ট দ্য ওয়ার্ল্ড’। স্থানীয় স্কুওলা কার্লো পিসাকানে প্রাঙ্গণে দিনভর এ আয়োজন নানা ভাষা, সংস্কৃতি ও জাতির মানুষের মিলনমেলায় রূপ নেয়।

প্রতিবছরের মতো এবারও বাংলাদেশসহ প্রায় ১০টি দেশ ও অঞ্চলের প্রতিনিধিরা এতে যোগ দেন। বিভিন্ন কমিউনিটির স্টলে ছিল ইতালীয়, বাংলা, আরবি, আফ্রিকান ও এশীয় ঐতিহ্যবাহী খাবার; দর্শনার্থীরা স্বাদ নেওয়ার পাশাপাশি নানা দেশের রান্নার ধারার সঙ্গেও পরিচিত হন।

বাংলাদেশি কমিউনিটির উপস্থিতি ছিল নজরকাড়া। ধূমকেতু সোশ্যাল অর্গানাইজেশন, মহিলা সংস্থা ইতালি ও সঞ্চারী সঙ্গীতায়ন সাংস্কৃতিক পরিবেশনা নিয়ে অংশ নেয়। দিনজুড়ে বিভিন্ন দেশের শিল্পীদের গান, নাচ এবং শিশু-কিশোরদের পরিবেশনা দর্শকদের আনন্দ দেয়।

আয়োজকেরা জানান, স্কুলকে স্থানীয় সমাজের আরও কাছে নিয়ে আসা এবং ভিন্ন সংস্কৃতির মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও সহমর্মিতা গড়ে তোলাই এ উৎসবের লক্ষ্য। এলাকার বাসিন্দা, অভিবাসী পরিবার, শিক্ষার্থী ও অভিভাবকেরা এতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

পুনর্ব্যবহারযোগ্য উপকরণ ব্যবহার ও পরিচ্ছন্নতা রক্ষায় আয়োজকদের উদ্যোগ অংশগ্রহণকারীদের প্রশংসা পায়। স্থানীয়দের ভাষ্য, এ উৎসব ভিন্ন সংস্কৃতির মানুষের মধ্যে সৌহার্দ্য ও সহনশীলতার প্রতীক হয়ে উঠেছে।