ইতালির রাজধানী রোমে চার দিনের এক মেলায় দর্শনার্থীদের জন্য বড় পরিসরে নামাজের ব্যবস্থা করা হয়েছে, যা প্রবাসী বাংলাদেশিদের নজর কেড়েছে। বাংলাদেশি কমিউনিটি ও মেলা কমিটি যৌথভাবে মেলা প্রাঙ্গণের একটি খোলা জায়গা নামাজের জন্য প্রস্তুত করে।
ইতালিতে বসবাসরত মুসলমান ও প্রবাসী বাংলাদেশিদের জন্য বড় কোনো উৎসব বা মেলায় গিয়ে সময়মতো নামাজ আদায় করা বেশ কঠিন। সেই বিবেচনা থেকেই এ উদ্যোগ, যা প্রবাসীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
মেলার একটি উন্মুক্ত অংশে নীল রঙের বড় ওয়াটারপ্রুফ ত্রিপল ও জায়নামাজ বিছিয়ে দেওয়া হয়েছে, যেখানে একসঙ্গে অনেক মুসল্লি জামাতে নামাজ পড়তে পারছেন। অজু ও নামাজের জায়গা ঠিক করা থেকে শুরু করে মেলার হট্টগোলের মধ্যেও শান্ত পরিবেশ ধরে রাখার দায়িত্ব পালন করছেন প্রবাসী বাংলাদেশি স্বেচ্ছাসেবকেরা।
দর্শনার্থীরা জানান, এমন বড় মেলায় গেলে সাধারণত নামাজের সময় পেরিয়ে যাওয়ার ভয় থাকে। মেলা প্রাঙ্গণেই ব্যবস্থা থাকায় কেনাকাটা ও বিনোদনের ফাঁকে নির্দিষ্ট সময়ে জামাতে নামাজ পড়তে পেরে তাঁরা স্বস্তি প্রকাশ করেন।
শুধু বাংলাদেশিরাই নন, মেলায় আসা অন্যান্য দেশের মুসলমান দর্শনার্থীরাও কাঁধে কাঁধ মিলিয়ে সেখানে নামাজ আদায় করছেন। এতে প্রবাসে মুসলমানদের ভ্রাতৃত্ববোধের একটি চিত্র ফুটে উঠেছে।






