লিবিয়া বা অন্য কোনো দেশ ঘুরে অবৈধ পথে ইতালিতে ঢোকার চেষ্টা করলে আর প্রবেশের অনুমতি মিলবে না বলে সতর্ক করেছে ঢাকার ইতালি দূতাবাস। ইইউর নতুন অভিবাসন ও আশ্রয় আইন চালুর পর দেশটি এ ব্যাপারে কড়া অবস্থান নিয়েছে।
সোমবার (১৫ জুন) দেওয়া বার্তায় দূতাবাস বলেছে, ১২ জুন কার্যকর হওয়া নতুন আইনে অবৈধ পথে আসা অভিবাসীদের সীমান্তেই আটক করে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে; ইতালিতে থাকা বা কাজের সুযোগ তাঁরা পাবেন না।
মানবপাচারকারী, দালাল ও অপরাধী চক্রের ফাঁদে পা না দিতে বাংলাদেশিদের অনুরোধ করেছে দূতাবাস। টাকা খরচ করে অবৈধ পথে যাওয়ার চেষ্টা পাচারকারীদেরই উৎসাহ জোগায় বলেও সতর্ক করা হয়।
বার্তায় বলা হয়, বৈধভাবে ইতালিতে কাজ ও বসবাসের নানা সুযোগ আছে; ২০২৫ ও ২০২৬ সালে বাংলাদেশিদের হাজার হাজার কর্মভিত্তিক, পারিবারিক পুনর্মিলন ও শিক্ষার্থী ভিসা দেওয়া হয়েছে। ঝুঁকি এড়িয়ে আইনি সুবিধা পেতে নিয়ম অনুযায়ী আবেদন করে বৈধ পথেই যাওয়ার পরামর্শ দিয়েছে দূতাবাস।






