রোমে নোয়াখালীর এক প্রবাসী পরিবারের তিন সদস্যকে হত্যার ঘটনায় প্রধান সন্দেহভাজন শাহাদাত হোসেনের ছবি প্রকাশ করেছে ইতালির পুলিশ। রোমের প্রসিকিউটর কার্যালয়ের নির্দেশে প্রকাশিত ছবির এই ব্যক্তির বাড়ি বাংলাদেশে বলে জানিয়েছে পুলিশ।

ঘটনাটি ঘটে শুক্রবার (২৬ জুন) স্থানীয় সময় রাত প্রায় ৯টায়, রোমের পশ্চিমাঞ্চলীয় কাসালোত্তি এলাকায় ভিয়া মন্তিলিও সড়কের এক অ্যাপার্টমেন্টে। প্রাথমিক তদন্তের তথ্য অনুযায়ী, ধারালো অস্ত্র হাতে এক ব্যক্তি আচমকা পরিবারটির ওপর হামলা চালালে বাবা, মা ও মেয়ের মৃত্যু হয়।

নিহত কামাল উদ্দিন বাবুলের (৫০) বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায়, চরকাঁকড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের হৃদয়নগরে; তিনি লন্ডনফেরত সিরাজ মিয়ার ছেলে। তার সঙ্গে প্রাণ হারান স্ত্রী হোসনে জাহান মমতাজ ওরফে আরজু (৪০) ও মেয়ে আরিশা।

জীবন বাঁচাতে দম্পতির ছেলে অয়ন (২০) ঘর থেকে বের হয়ে প্রতিবেশীদের কাছে ছুটে গেলে হামলাকারী তাকেও ছুরিকাঘাত করে সটকে পড়ে। পুলিশ, কারাবিনিয়ারি ও অ্যাম্বুলেন্স গিয়ে মরদেহ উদ্ধার করে এবং অয়নকে হাসপাতালে নেয়; চিকিৎসকদের ভাষ্য, তিনি আশঙ্কামুক্ত।

প্রায় ১২ বছর আগে ইতালিতে যাওয়া কামাল উদ্দিন বাবুল ৪-৫ বছর আগে স্ত্রী ও সন্তানদের নিজের কাছে নেন; পরিবারটি রোমেই থাকত।

স্থানীয় সূত্র জানায়, শাহাদাৎ নামের ওই ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করে পুলিশ নানা দিক যাচাই করছে, তবে তদন্তের স্বার্থে তার সম্ভাব্য ভূমিকা প্রকাশ করা হয়নি। ফরেনসিক দল আলামত সংগ্রহ করেছে; সিসিটিভি ফুটেজ, মোবাইল ফোনের তথ্য ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য মিলিয়ে খুনের কারণ জানার চেষ্টা চলছে। ব্যক্তিগত বিরোধ, পূর্বপরিকল্পিত হামলা নাকি অন্য কোনো উদ্দেশ্য—সব দিকই বিবেচনায় রাখছে পুলিশ, তবে তদন্ত শেষের আগে চূড়ান্ত মন্তব্য করেনি ইতালীয় কর্তৃপক্ষ।

বাংলাদেশ দূতাবাসের দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, তারা ইতালীয় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখছেন। আইনি প্রক্রিয়া শেষে তিনজনের মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা এবং অয়নের চিকিৎসা ও পরিবারের প্রয়োজনের খোঁজ রাখছে দূতাবাস।