ইতালির রোমে একই পরিবারের তিন বাংলাদেশিকে কুপিয়ে ও ছুরিকাঘাতে হত্যার ঘটনায় প্রধান সন্দেহভাজনের ছবি ও পরিচয় প্রকাশ করেছে দেশটির পুলিশ। রোমের প্রসিকিউটর কার্যালয়ের নির্দেশে শনিবার (২৭ জুন) রাতে রাষ্ট্রীয় পুলিশ পোলিজিয়া দি স্তাতো নিজস্ব প্ল্যাটফর্মে ওয়ান্টেড নোটিশটি প্রকাশ করে।
পুলিশের তথ্য অনুযায়ী, ৪৩ বছর বয়সী শাহাদাত হোসেনের জন্ম ১৯৮৩ সালের ১০ মে, বাংলাদেশে। তাঁর অবস্থান সম্পর্কে কারও কাছে তথ্য থাকলে 3346903295 নম্বরে রোম পুলিশের মোবাইল স্কোয়াডকে জানাতে বিশ্বজুড়ে অনুরোধ করা হয়েছে।
শুক্রবার (২৬ জুন) রাতে রোমের এক আবাসিক ফ্ল্যাটে ধারালো অস্ত্রের হামলায় নিহত হন কামাল উদ্দিন বাবুল (৩৯), তাঁর স্ত্রী আরজু আক্তার (৩৮) ও তাঁদের পাঁচ বছরের মেয়ে আরোয়া ইসলাম আরিশা। রক্তাক্ত অবস্থায় উদ্ধার হওয়া ২০ বছর বয়সী ছেলে অয়ন হাসপাতালে চিকিৎসাধীন।
নিহত কামাল উদ্দিন বাবুলের বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জে, পরিবার নিয়ে দীর্ঘদিন রোমে থাকতেন তিনি। এ ঘটনায় ইতালিপ্রবাসী বাংলাদেশিদের মধ্যে এবং তাঁর গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমেছে।






