ইতালির রোমে একই পরিবারের তিন বাংলাদেশিকে হত্যার ঘটনায় শোক নেমেছে প্রবাসী বাংলাদেশি ও স্থানীয় ইতালীয়দের মধ্যে। নিহতদের স্মরণে স্থানীয় ইতালীয় নাগরিক, প্রতিবেশী ও বাংলাদেশি কমিউনিটি মিলে রোমে মোমবাতি প্রজ্বলন করেছে।

কর্মসূচিতে অংশ নেওয়া মানুষ জ্বলন্ত মোমবাতি হাতে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান, এক মিনিট নীরবতা পালন করেন এবং আহত ছেলের দ্রুত সেরে ওঠার কামনা করেন। বক্তারা বলেন, এ হত্যাকাণ্ড শুধু একটি পরিবারের নয়, গোটা সমাজের বেদনা; দ্রুত, নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তে প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তাঁরা।

রোমের পশ্চিমাঞ্চলে একটি বাসায় গত সপ্তাহে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে এক বাংলাদেশি দম্পতি ও তাঁদের ছোট মেয়েকে হত্যা করা হয়, পরিবারের আরেক সদস্য গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আছেন। হত্যার প্রকৃত কারণ জানতে তদন্ত চালিয়ে যাচ্ছে ইতালির আইনশৃঙ্খলা বাহিনী।