গ্রীষ্মের প্রচণ্ড তাপপ্রবাহে (হিটওয়েভ) নাকাল ইতালির রাজধানী রোমসহ বেশ কয়েকটি বড় শহরে স্বাস্থ্যঝুঁকির সর্বোচ্চ স্তরের সতর্কতা ‘রেড অ্যালার্ট’ (লেভেল-৩) জারি করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। রোমের পাশাপাশি ফ্লোরেন্স ও বোলোনিয়াতেও এ সতর্কতা বহাল রয়েছে।

আবহাওয়াবিদেরা বলছেন, বৃহস্পতিবার (১৬ জুলাই) ও শুক্রবার (১৭ জুলাই) গরম সবচেয়ে তীব্র হতে পারে, রোমে তাপমাত্রা উঠতে পারে ৩৮ ডিগ্রি সেলসিয়াস বা তারও বেশি। বাতাসে আর্দ্রতা বেশি থাকায় গরমের অনুভূতি প্রকৃত তাপমাত্রাকেও ছাড়িয়ে যেতে পারে বলে সতর্ক করা হয়েছে।

লেভেল-৩ সতর্কতার মানে, এই আবহাওয়া শুধু শিশু বা বয়স্ক নয়, সুস্থ-সবল মানুষের জন্যও বিপজ্জনক হতে পারে। তাই নাগরিক ও পর্যটকদের দুপুর ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সরাসরি রোদ এড়িয়ে চলা, বেশি করে পানি পান করা, ক্যাফেইন ও অ্যালকোহলজাতীয় পানীয় থেকে দূরে থাকা, হালকা রঙের সুতির পোশাক পরা এবং বাইরে গেলে ছাতা বা সানগ্লাস ব্যবহারের পরামর্শ দিয়েছে মন্ত্রণালয়।

আবহাওয়াবিদদের ব্যাখ্যা, আফ্রিকা থেকে আসা শক্তিশালী উষ্ণ বায়ুপ্রবাহ বা অ্যান্টিসাইক্লোনের প্রভাবে ভূমধ্যসাগরীয় দেশটিতে তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়েছে। রোববার (১৯ জুলাই) থেকে আকাশ আংশিক মেঘলা হয়ে কোথাও কোথাও তাপমাত্রা খানিকটা কমতে পারে, তবে পুরোপুরি স্বস্তি পেতে পরের সপ্তাহের মাঝামাঝি পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।

পর্যটন নগরীগুলোতে বেড়াতে আসা দর্শনার্থীদের বাড়তি সতর্ক থাকতে বলেছে স্থানীয় প্রশাসন।