ইতালির রাজধানী রোমে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে ‘মিট দ্য কমিউনিটি’ শীর্ষক অনুষ্ঠান করেছে চ্যানেল আই ইতালি। স্থানীয় একটি মিলনায়তনে কমিউনিটির বিশিষ্টজন, বিভিন্ন সংগঠনের নেতা ও সাংবাদিকেরা এতে যোগ দেন।
জাতীয় সংগীত দিয়ে শুরু হওয়া আয়োজনের লক্ষ্য ছিল প্রবাসীদের মধ্যে সম্প্রীতি ও যোগাযোগ বাড়ানো এবং কমিউনিটির সম্ভাবনা ও সমস্যা তুলে ধরা।
রোমের বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব আসিফ আনাম সিদ্দিকী ছিলেন প্রধান অতিথি। বক্তব্যে তিনি দেশের ভাবমূর্তি উজ্জ্বলে প্রবাসীদের ভূমিকার প্রশংসা করেন এবং উদ্যোগটির জন্য চ্যানেল আই ইতালিকে ধন্যবাদ জানান।
প্রবাসীদের আনন্দ-বেদনা, সাফল্য আর নানা বাস্তবতার গল্প দেশ-বিদেশের দর্শকের কাছে বস্তুনিষ্ঠভাবে পৌঁছে দিতে কাজ চালিয়ে যাওয়ার কথা বলেন চ্যানেল আই ইতালির প্রতিনিধি মো. আনোয়ার হোসেন। কমিউনিটির বিশিষ্টজনদের মধ্যে বক্তব্য রাখেন মো. সেলিম, যিনি চ্যানেল আই দর্শক ফোরামের প্রধান উপদেষ্টা, এবং হুমায়ুন কবির, মো. মনির ইসরাফিল বারি, শাহ তাইফুর রহমান ছোটন ও মোজাম্মেল হক মোল্লা।
পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন শিমুল রহমান। রোম থেকে চ্যানেল আইয়ের সব সংবাদ পরিবেশনের জন্য প্রধান অতিথিসহ অতিথিরা তার হাতে চ্যানেল আইয়ের লোগো তুলে দেন। আলোচনা শেষে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা হয়।





