এক যুগ বিরতির পর আবারও ইতালির রাজধানী রোমে গাইতে যাচ্ছেন নগরবাউল জেমস। বহুল প্রতীক্ষিত এ কনসার্ট সামনে রেখে বুধবার (১২ আগস্ট) বিকেলে রোমের একটি অভিজাত হোটেলে সাংবাদিক, স্পনসর ও বিভিন্ন কমিউনিটির বিশিষ্টজনদের নিয়ে ‘গেট টুগেদার ও প্রেস কনফারেন্স’ হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আয়োজক হোসাইন আহমেদ মোয়াজ। সাংবাদিক ও অতিথিদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে দীর্ঘ বিরতির পর রোমে ফেরা নিয়ে নিজের আনন্দের কথা জানান জেমস, আর গোছানো প্রস্তুতির জন্য আয়োজকদের ধন্যবাদ দেন।
অনুষ্ঠানে বাংলাদেশের কিংবদন্তি শিল্পী আইয়ুব বাচ্চুকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন জেমস। নতুন প্রজন্মের শিল্পীরা বাংলা সংস্কৃতিকে আরও এগিয়ে নেবেন বলে আশা প্রকাশ করেন তিনি; প্রবাসী বাংলাদেশিদের ভালোবাসা ও সমর্থনের কথাও বলেন।
জেমসের রোমে ফেরা ঘিরে ইতালিপ্রবাসী বাংলাদেশিদের মধ্যে এরই মধ্যে বেশ উৎসাহ তৈরি হয়েছে। প্রিয় শিল্পীর কণ্ঠে জনপ্রিয় গান সরাসরি শোনার অপেক্ষায় আছেন রোমের সংগীতপ্রেমীরা।






