ইতালির রোমে নৃশংস হামলায় মা, বাবা ও বোনকে হারিয়ে প্রাণে বেঁচে যান আমির হোসাইন। তাকে মানবিক কারণে একটি বিশেষ পাসপোর্ট দিয়েছে বাংলাদেশ দূতাবাস। নিহত তিনজনের মরদেহ শুক্রবার দেশে পৌঁছানোর কথা।
১২ আগস্ট দূতাবাসে গেলে মরহুম কামাল উদ্দিনের ছেলে আমিরের হাতে নতুন পাসপোর্ট তুলে দেন ইতালিতে নিযুক্ত রাষ্ট্রদূত। এ সময় তিনি আমিরের খোঁজখবর নিয়ে গভীর সমবেদনা জানান এবং আশ্বাস দেন, হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের জন্য দূতাবাস ইতালীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছে।
দূতাবাস জানায়, একই পরিবারের তিন বাংলাদেশির মরদেহ পুরোপুরি সরকারি খরচে দেশে পাঠাতে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
গত ২৬ জুন রোমের ‘ভিয়া মন্তিলিও’র একটি অ্যাপার্টমেন্টে দুর্বৃত্তদের হামলায় আমিরের বাবা, মা ও বোন নিহত হন। গুরুতর আহত আমির নিজেও দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন।






