প্রবাসী কামাল হোসেন এবং তার স্ত্রী ও মেয়ে নৃশংসভাবে খুন হয়েছিলেন ইতালির রোমের কাসেলোত্তিতে; তিনজনের মরদেহ এখন দেশে আনা হচ্ছে। পরিবারের একমাত্র জীবিত সদস্য, ছেলে অয়ন নিজেই স্বজনদের মরদেহ নিয়ে দেশে ফিরছেন।
বৃহস্পতিবার ফেসবুকে দেওয়া এক আবেগঘন পোস্টে অয়ন লেখেন, ‘আজকের এই যাত্রা আনন্দের নয়’। প্রিয় মানুষদের নিথর দেহ দেশে ফেরানোকে ভারী এক দায়িত্ব হিসেবে বর্ণনা করে তিনি জানান, সব ঠিক থাকলে বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে বিমান অবতরণ করবে।
নিরাপদে দেশে পৌঁছানোর জন্য সবার কাছে দোয়া চান অয়ন। কঠিন এই সময়ে নিজের জন্য ধৈর্য এবং বাবা, মা ও আরুর জন্য জান্নাতুল ফেরদৌস কামনা করেন তিনি।
সম্প্রতি কাসেলোত্তিতে খুন হন কামাল হোসেন, তার স্ত্রী এবং দম্পতির একমাত্র মেয়ে আরু। ঘটনাটি ইতালিপ্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি দেশেও শোকের ছায়া ফেলে।
ঢাকার বিমানবন্দরে ফ্লাইট নামার পর মরদেহগুলো জানাজা ও দাফনের জন্য গ্রামের বাড়িতে নেওয়া হবে। প্রিয়জনদের শেষবার দেখার অপেক্ষায় ধামরাই ও নিজ গ্রামে এখন শোকের পরিবেশ।






