নিউজ পোর্টাল ‘হ্যালো ইতালি’র প্রথম বর্ষপূর্তিতে রোমে প্রবাসী বাংলাদেশি কমিউনিটি ও সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা হয়েছে, কাটা হয়েছে কেক। রোববার (৩০ আগস্ট) রোমের বাংলা টাউনে প্রিন্স অব সিলেট কাফি শপে এ আয়োজন হয়।
সাংবাদিক মিনহাজ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে ছিলেন ‘হ্যালো ইতালি’র সম্পাদক মেজবাহুল হক। আলোচনায় উঠে আসে ইতালির বাংলাদেশি কমিউনিটির কর্মকাণ্ড, প্রবাসীদের নানা প্রসঙ্গ এবং তাঁদের কল্যাণে সংবাদমাধ্যমের ভূমিকা।
বক্তারা বলেন, প্রবাসে বাংলা ভাষার সংবাদমাধ্যম কমিউনিটির ভেতরে যোগাযোগ ও ঐক্য গড়ায় বড় ভূমিকা রাখছে। প্রবাসজীবনের সুখ-দুঃখ, সাফল্য, সমস্যা ও নতুন প্রজন্মের অর্জন বস্তুনিষ্ঠভাবে তুলে ধরে দেশের সঙ্গে প্রবাসীদের সেতুবন্ধ গড়তে গণমাধ্যমকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তাঁরা।
প্রধান অতিথি ছিলেন আমিনুর রহমান সালাম, বৃহত্তর ঢাকা সমিতি ইতালির সভাপতি। বিশেষ অতিথি ছিলেন মাইনুল আলম খোকন ও কামরুজ্জামান রতন, যাঁরা যথাক্রমে ইতালি বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক সাংগঠনিক সম্পাদক। আরও ছিলেন সাহাদাত হোসেন রনি (বৃহত্তর ঢাকা সমিতি ইতালির সাধারণ সম্পাদক) এবং মুন্সিগঞ্জ-বিক্রমপুর সমিতি ইতালির নেতা এলিম আহমেদ মিঠু (সভাপতি) ও আমিনুল ইসলাম (সাধারণ সম্পাদক)।
উপস্থিত ছিলেন খান রবিন (ইতালি বিএনপির সাবেক প্রচার সম্পাদক), আলী আহমেদ খোকন (ইতালি যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক), আরমান উদ্দিন স্বপন (বৃহত্তর সিলেট জাতীয়তাবাদী ফোরাম ইতালির সভাপতি) ও সিনিয়র সাংবাদিক নাজমুল আহসান তুহিনসহ অনেকে। স্বাধীন সংবাদ প্রচারে বিশেষ অবদানের জন্য ‘হ্যালো ইতালি’ নিউজকে বিশেষ সম্মাননা ক্রেস্ট তুলে দেন সাংবাদিক মিনহাজ হোসেন।






