চিজকেক খেতে ভালোবাসেন, কিন্তু বাড়িতে বানানোর কথা ভাবলেই পিছিয়ে যান? ওভেনের ঝামেলা, ডিমের ব্যবহার আর দীর্ঘ প্রস্তুতির কথা ভেবে রেসিপিটি আর চেষ্টা করা হয়ে ওঠে না? তাহলে সহজ একটি মিষ্টির পদ আছে—লেমন চিজকেক বল। মাত্র কয়েকটি উপকরণেই তৈরি করা যায় এই সুস্বাদু ডেজার্ট।
এই পদ তৈরিতে ওভেনের প্রয়োজন নেই, ডিমও লাগবে না। রান্নাঘরে নতুন হলেও খুব সহজে এটি বানিয়ে ফেলা যাবে। হঠাৎ বাড়িতে অতিথি এলে, বিকেলের আড্ডায় কিংবা উৎসবের দিনে মিষ্টিমুখের জন্য এটি হতে পারে ভালো আয়োজন। সময়ও লাগবে কম, উপকরণও মিলবে হাতের কাছেই।
যা যা লাগবে
জাগোনিউজ লাইফস্টাইলের প্রতিবেদন অনুযায়ী, রেসিপিটির উপকরণ ও প্রস্তুত প্রণালি নিচে ধাপে ধাপে দেওয়া হলো।
- বিস্কুট
- দই
- লেবুর রস
- সাদা চকলেট
- প্রয়োজনে সামান্য নারিকেল তেল
তৈরির ধাপ
প্রথমে বিস্কুটগুলো ব্লেন্ডারে দিয়ে ভালোভাবে গুঁড়া করে নিতে হবে। এরপর একটি বড় বাটিতে দই, লেবুর রস ও বিস্কুটের গুঁড়া একসঙ্গে মিশিয়ে নিতে হবে। সব উপকরণ ভালোভাবে মাখতে হবে, যতক্ষণ না নরম ও মসৃণ ডো তৈরি হয়।
এরপর তৈরি ডো থেকে এক চামচ করে নিয়ে হাতের তালুতে গোল করে ছোট ছোট বল বানিয়ে নিতে হবে। বলগুলো একটি ট্রে বা পাত্রে সাজিয়ে ১ থেকে ২ ঘণ্টা ফ্রিজে রাখতে হবে। এতে বলগুলো শক্ত হয়ে যাবে এবং পরের ধাপে চকলেটের প্রলেপ দেওয়া সহজ হবে।
এরপর সাদা চকলেট গলিয়ে নিতে হবে। একটি বাটিতে চকলেট নিয়ে গরম পানির পাত্রের ওপর বসিয়ে ডবল বয়লার পদ্ধতিতে গলানো যাবে। সাদা চকলেট সহজে না গললে সামান্য নারিকেল তেল মিশিয়ে নেওয়া যেতে পারে। এতে চকলেটের প্রলেপ লাগানোও সহজ হবে।
ফ্রিজ থেকে ঠান্ডা করা বলগুলো বের করে একে একে গলানো চকলেটে ডুবিয়ে নিতে হবে। প্রতিটি বলের চারদিকে যেন সমানভাবে চকলেটের প্রলেপ পড়ে, সেদিকে খেয়াল রাখতে হবে। এরপর চকলেট মাখানো বলগুলো আবার ট্রেতে সাজিয়ে ফ্রিজে রাখতে হবে। চকলেট জমে শক্ত হয়ে গেলেই তৈরি হয়ে যাবে মজাদার লেমন চিজকেক বল।
বিকল্প ও পরিবেশনা
চাইলে সাদা চকলেটের পরিবর্তে ডার্ক চকলেট ব্যবহার করা যাবে। আবার চকলেটের প্রলেপ না দিয়ে শুধু বিস্কুটের গুঁড়াতেও বলগুলো গড়িয়ে নেওয়া যাবে। পরিবেশনের আগে ফ্রিজ থেকে বের করে কিছুক্ষণ রেখে দিলে খেতে আরও ভালো লাগবে।
Source: জাগো নিউজ২৪






