সন্তান বড় হওয়ার পর দূরে সরে গেলে মা-বাবার কাছে তা সহজভাবে নেওয়ার বিষয় নয়। ছয় মাস কিংবা কয়েক বছর ধরে সন্তানের সঙ্গে কথা না হলে সম্পর্কের এই অনুপস্থিতি প্রতিদিনই টের পাওয়া যায়। অনেক ক্ষেত্রে মা-বাবা ও সন্তানের মধ্যে যোগাযোগ আংশিক বা পুরোপুরি বন্ধ হয়ে গেলেও সম্পর্ক আবার স্বাভাবিক করার আকাঙ্ক্ষা এবং সেই সঙ্গে জড়িত আবেগের টানাপোড়েন কমে না। প্রাপ্তবয়স্ক সন্তানকে দেখতে না পাওয়া কিংবা তার সঙ্গে প্রত্যাশামতো যোগাযোগ না থাকলে অসহায় লাগতে পারে। এই অনুভূতি সামলাতে সহায়ক হতে পারে কয়েকটি পদক্ষেপ। আন্তর্জাতিক মনোবিজ্ঞানবিষয়ক প্রকাশনা সাইকোলজি টুডে-র বরাত দিয়ে এ বিষয়ে পরামর্শ দিয়েছে জাগো নিউজ লাইফস্টাইল।

কী মিস করছেন, তা চিহ্নিত করুন

প্রথমত, প্রাপ্তবয়স্ক সন্তানের কোন বিষয়টি সবচেয়ে বেশি মনে পড়ছে, তা ভেবে দেখা যেতে পারে। কোনো মা-বাবা হয়তো বলবেন, ছেলের দিন কেমন কাটছে তা তারা জানতে চান। আবার কেউ হয়তো সন্তানের সঙ্গে কাটানো হাসি-আনন্দের মুহূর্তগুলো মিস করেন। কোনো গানও হয়তো সন্তানের কথা মনে করিয়ে দিতে পারে। কী মিস করছেন তা নির্দিষ্টভাবে চিহ্নিত করা জরুরি। এতে দুঃখ, হতাশা, অতীতের স্মৃতিমেদুরতা কিংবা একাকিত্বের মতো কঠিন অনুভূতিগুলো বুঝতে ও সামলাতে সুবিধা হয়। যেমন, মেয়ের সঙ্গে গাড়িতে ঘুরতে গিয়ে দুজনের পছন্দের গান গলা ছেড়ে গাওয়ার স্মৃতি হয়তো বারবার মনে পড়তে পারে। এমন অনুভূতির কথা পরিবারের বিশ্বস্ত সদস্য, বন্ধু, মনোবিদ কিংবা অভিভাবক-বিষয়ক পরামর্শকের সঙ্গে ভাগ করে নেওয়া যেতে পারে। কখনো কখনো কেউ শুধু ‘আরও বলুন’—এটুকু বললেও মন হালকা হয়ে যায়।

নিজের যে আচরণগুলো বদলানো উচিত ছিল, তা স্বীকার করুন

দ্বিতীয়ত, নিজের আচরণ পর্যালোচনা করে ভুল স্বীকার করা যেতে পারে। ধরুন, প্রাপ্তবয়স্ক মেয়ে বললেন, ‘আমি যখন তোমাকে জানাতাম, বড় হওয়ার সময় তোমার কোন আচরণগুলো আমাকে কষ্ট দিয়েছে, তখন তুমি সেগুলোকে আমার দোষ হিসেবে দেখাতে এবং আমাকে উপদেশ দিতে শুরু করতে।’ মা-বাবার হয়তো মনে হতে পারে, তিনি তাকে সাহায্য করার চেষ্টা করেছিলেন। কিন্তু একটু ভেবে দেখা দরকার—মেয়ে যখন বলত, ‘বাবা, আমাকে কি কথাটা শেষ করতে দেবে?’ তখনও কি তিনি তাকে উপদেশ দেওয়ার চেষ্টা করতেন না? নিজের আচরণ এভাবে পর্যালোচনা করলে সৎভাবে ভুলগুলো বোঝার সুযোগ তৈরি হয়। এরপর মা-বাবা বলতে পারেন, ‘আমি ভাবছিলাম, অনেক সময় তোমার কথা পুরোপুরি না শুনেই উপদেশ দিতে শুরু করতাম। এতে তুমি কী পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছিলে, তা ভালোভাবে বোঝার সুযোগ নষ্ট হয়েছে। এ জন্য আমি দুঃখিত।’ এ ধরনের কথোপকথনে নিজের ভুলের দায় স্বীকার করা হয় এবং আত্মসচেতনতারও উদাহরণ তৈরি হয়।

সন্তানের যোগাযোগের গতিকে সম্মান করুন

তৃতীয়ত, সন্তানের যোগাযোগের ধরনকে সম্মান করা দরকার। সন্তানকে মিস করা মা-বাবার জন্য এই বিষয়টি মেনে নেওয়া সত্যিই কঠিন। একাধিক বার্তা পাঠানোর পরও উত্তর না পেলে সন্তানকে নিজের মতো করে যোগাযোগ করার সুযোগ দিতে হবে। আর সে যদি যোগাযোগ না করার অনুরোধ জানায়, তাহলে সেটি মেনে চলা উচিত। বিশ্বাস করা কঠিন হলেও, এমন পরিস্থিতিতে থাকা অনেক প্রাপ্তবয়স্ক সন্তানই তাদের মা-বাবাকে মিস করেন। অথচ বাইরে থেকে তারা হয়তো স্পষ্টভাবেই জানাচ্ছেন যে তারা আর যোগাযোগ রাখতে চান না। শুধু মনে রাখতে হবে, যোগাযোগ না থাকার বিষয়টি মা-বাবা ও সন্তান—দুজনের মনেই গভীর প্রভাব ফেলে।

তথ্যসূত্র: সাইকোলজি টুডে

Source: জাগো নিউজ২৪