মানসিক চাপ নিয়ে প্রচলিত ধারণা হলো, এটি যতটা সম্ভব এড়িয়ে চলা উচিত এবং চাপের পরিস্থিতিতেও শান্ত ও নিরুদ্বেগ থাকার চেষ্টা করা উচিত। তবে এই ধারণা পুরোপুরি সঠিক নয়। জীবনের নানা পরিস্থিতিতে তীব্র প্রতিক্রিয়া দেখানো বা মানসিক চাপ অনুভব করাও স্বাভাবিক। বরং এসব প্রতিক্রিয়া নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা নতুন করে মানসিক চাপ তৈরি করতে পারে।
মানসিক চাপের নতুন ধারণায় বলা হচ্ছে, কিছু চাপ সৃষ্টিকারী পরিস্থিতি মানুষকে আরও শক্তিশালী করে তুলতে পারে। চাপের প্রতি তীব্র প্রতিক্রিয়াও স্বাস্থ্যের জন্য উপকারী হতে পারে। কিছু মানসিক কৌশল কাজে লাগিয়ে চাপের ইতিবাচক দিকগুলোও ব্যবহার করা সম্ভব।
মানসিক চাপ ঘটে না, প্রতিক্রিয়া তৈরি হয়
মানসিক চাপ আপনার ওপর ঘটে যাওয়া কোনো ঘটনা নয়। বরং আপনার কাছে গুরুত্বপূর্ণ কোনো বিষয় বা পরিস্থিতির প্রতি ব্যক্তিগত প্রতিক্রিয়া। কোনো বিষয় আপনার কাছে যত বেশি গুরুত্বপূর্ণ, সেটি নিয়ে মানসিক চাপের প্রতিক্রিয়াও তত তীব্র হতে পারে।
তাই বেশি চাপ অনুভব করার অর্থ এই নয় যে আপনি শান্ত থাকতে পারছেন না। বরং এর অর্থ, বিষয়টি আপনার কাছে গুরুত্বপূর্ণ এবং এতে মনোযোগ দেওয়া প্রয়োজন। প্রথমে বুঝতে হবে, কোন বিষয়গুলো আপনার কাছে বেশি গুরুত্বপূর্ণ।
নিজের গভীরতম মূল্যবোধের সঙ্গে যুক্ত হোন
গবেষক কেলি ম্যাকগনিগাল তাঁর ‘দ্য আপসাইড অব স্ট্রেস: হোয়াই স্ট্রেস ইজ গুড ফর ইউ অ্যান্ড হাউ টু গেট গুড অ্যাট ইট’ বইয়ে মানসিক চাপকে নতুনভাবে দেখার কিছু সহজ কৌশল তুলে ধরেছেন। তিনি শান্ত হওয়ার চেষ্টা করার বদলে নিজের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মূল্যবোধগুলো চিহ্নিত করে লিখতে পরামর্শ দেন। কারণ, কোনো বিষয় যত বেশি গুরুত্বপূর্ণ, তা নিয়ে মানসিক চাপের প্রতিক্রিয়াও তত তীব্র হতে পারে।
নিজের মূল্যবোধ বুঝতে পারলে কোন বিষয়গুলো আপনার কাছে বেশি অর্থবহ, তা-ও স্পষ্ট হবে। এসব কৌশল মানসিক চাপের মাধ্যমে নিজের অনুভূতি ও গুরুত্বের বিষয়গুলো বুঝতে সাহায্য করে। এতে নিজেকে সব সময় চাপে বিপর্যস্ত না ভেবে গভীরভাবে অনুভব করেন এবং অন্যের প্রতি যত্নশীল—এমন একজন মানুষ হিসেবে নিজেকে দেখতে পারবেন।
তীব্র প্রতিক্রিয়াকে নতুনভাবে দেখুন
তীব্র মানসিক চাপের প্রতিক্রিয়া নিজে কোনো সমস্যা নয়। বরং এটি প্রতিকূলতা মোকাবিলার প্রস্তুতি নিতে সাহায্য করতে পারে। গবেষণায় দেখা গেছে, দক্ষ ব্যক্তিদের মানসিক চাপের প্রতিক্রিয়া কমে না। তবে তারা এই প্রতিক্রিয়াকে দুশ্চিন্তা হিসেবে না দেখে প্রস্তুতি ও দক্ষতা বাড়ানোর সুযোগ হিসেবে নিতে শেখেন।
স্কাইডাইভাররাও অনিশ্চয়তা ও ঝুঁকির মুখে এই মানসিক সক্রিয়তাকে কাজে লাগান। এটি তাদের প্রস্তুত হতে এবং রোমাঞ্চ উপভোগ করতে সাহায্য করে। তাই মানসিক চাপের প্রতিক্রিয়া দমন না করে একে অনিশ্চয়তা মোকাবিলার শক্তি হিসেবে কাজে লাগানো যেতে পারে।
আবেগ চিহ্নিত করুন, নাম দিন
আবেগগুলোকে চিনতে পারা এবং সেগুলোর সঙ্গে যুক্ত শক্তি ও মনোযোগকে কাজে লাগাতে শেখার মাধ্যমে কঠিন পরিস্থিতি মোকাবিলার দক্ষতা গড়ে তোলা সম্ভব। বিশেষ করে যখন আমাদের সবচেয়ে গভীর মূল্যবোধগুলো জড়িত থাকে।
গবেষক লিসা ফেল্ডম্যান ব্যারেট ও তাঁর সহকর্মীরা দেখিয়েছেন, নিজের আবেগগুলো যথাযথভাবে চিহ্নিত করা এবং সেগুলোর নাম বলতে পারা আবেগ নিয়ন্ত্রণের দক্ষতা বাড়াতে পারে। এ জন্য অন্য কোনো কৌশল প্রয়োগেরও প্রয়োজন হয় না।
তাই ‘মানসিক চাপ’ শব্দটি দিয়ে সব আবেগকে বোঝানোর চেষ্টা করলে সেগুলো নিয়ন্ত্রণের দক্ষতা গড়ে তোলা কঠিন হতে পারে।
মস্তিষ্ক প্রতিক্রিয়াশীল নয়, ভবিষ্যৎ অনুমানকারী
প্রচলিত ধারণা হলো, কোনো চাপের ঘটনা ঘটলে মস্তিষ্ক ও শরীর স্বয়ংক্রিয়ভাবে প্রতিক্রিয়া দেখায়। তবে গবেষণায় দেখা গেছে, মস্তিষ্ক অতীতের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভবিষ্যতে কী ঘটতে পারে, তা আগেই অনুমান করে এবং সিদ্ধান্ত নিতে সাহায্য করে।
মানসিক চাপের প্রতিক্রিয়া সম্পর্কে পুরোনো ও ক্ষতিকর ধারণায় বিশ্বাস করলে সেই ভুল তথ্য আমাদের ভবিষ্যৎ অনুমানের অংশ হয়ে যায়। ফলে প্রয়োজনীয় প্রস্তুতি, প্রতিকূলতা মোকাবিলা ও দক্ষতা অর্জনের অংশ হিসেবে মানসিক সক্রিয়তাকে দেখার বদলে আমরা সেটিকে সমস্যা মনে করতে শুরু করি।
মানসিক চাপ, নিজের মূল্যবোধ, তীব্র প্রতিক্রিয়ার গুরুত্ব এবং এর আড়ালে থাকা প্রকৃত আবেগ সম্পর্কে সঠিক ধারণা থাকলে আমরা চাপকে প্রয়োজনীয় হিসেবে দেখতে শিখতে পারি। একই সঙ্গে ভবিষ্যতে আরও ইতিবাচকভাবে পরিস্থিতি অনুমান করার জন্য নিজেদের প্রস্তুত করতে পারি।
তথ্যসূত্র: সাইকোলজি টুডে (জাগো নিউজ লাইফস্টাইল বিভাগের প্রতিবেদন অবলম্বনে)।
Source: জাগো নিউজ২৪






