বাড়িতে অতিথি আসার আগে দরজার সামনের পাপোশ পরিষ্কার রাখা জরুরি। কারণ, বাড়িতে ঢোকার সময় অতিথিদের প্রথম নজর পড়ে এখানেই। শুধু তা-ই নয়, পাপোশে ময়লা ও ব্যাকটেরিয়া জমে থাকতে পারে। সেখান থেকে এসব জীবাণু ও ময়লা ঘরের ভেতরেও ছড়িয়ে পড়তে পারে। গরমের সময় ধুলাবালি, পাতা ও অন্যান্য আবর্জনা দ্রুত জমে যাওয়ায় পাপোশ পরিষ্কার রাখা কঠিন হয়ে পড়ে। ঘষে পরিষ্কার করার ব্রাশ কাজে এলেও এতে বেশ পরিশ্রম করতে হয়। তবে পরিষ্কার-পরিচ্ছন্নতা বিশেষজ্ঞদের মতে, বেশি ঘষাঘষি না করেও সহজে পাপোশ পরিষ্কার করা যায়।
প্রেসার ওয়াশার ব্যবহার করুন
ঘষাঘষি ছাড়াই পাপোশ পরিষ্কার করতে প্রেসার ওয়াশার ব্যবহার করার পরামর্শ দিয়েছেন হ্যাপিক্লিনসের প্রধান পরিচালন কর্মকর্তা উইল কটার। বিশেষ করে মোটা ও শক্ত উপাদানে তৈরি কিংবা রাবারের পাপোশ পরিষ্কারে এ পদ্ধতি ভালো কাজ করে। এ জন্য প্রথমে বাড়ির বাইরে সমতল জায়গায় পাপোশটি বিছিয়ে নিন। এরপর প্রেসার ওয়াশার দিয়ে পানি ছিটিয়ে পরিষ্কার করুন। পরিষ্কার করার পর রোদে শুকিয়ে আবার দরজার সামনে বিছিয়ে দিন। আরও ভালোভাবে পরিষ্কার করতে পানি দেওয়ার আগে পাপোশে সামান্য বাসন ধোয়ার তরল সাবানও ব্যবহার করতে পারেন। প্রেসার ওয়াশার না থাকলেও পানির পাইপের সঙ্গে নজল লাগিয়ে একই কাজ করা সম্ভব। এ ক্ষেত্রে জেটের মতো উচ্চচাপের সেটিং বেছে নিন। এতে পাপোশের গভীরে জমে থাকা ময়লাও বের হয়ে আসবে।
ওয়াশিং মেশিনে ধুয়ে নিন
অনেক কাপড়ের পাপোশ ওয়াশিং মেশিনেও পরিষ্কার করা যায়। তবে মেশিনে দেওয়ার আগে পাপোশের লেবেল দেখে নেওয়া জরুরি। উইল কটারের পরামর্শ, পাপোশের নিচে রাবারের স্তর আছে কি না, তা পরীক্ষা করুন। কারণ, মেশিনে ধোয়ার সময় সেটি নষ্ট হয়ে যেতে পারে। প্রথমে পাপোশ ঝেড়ে আলগা ময়লা ও আবর্জনা সরিয়ে নিন। এরপর ওয়াশিং মেশিনে ধুয়ে বাইরে বাতাসে শুকাতে দিন। সম্ভব হলে রোদে শুকিয়ে নিন।
ভ্যাকুয়াম ক্লিনার ব্যবহার করুন
ঘষাঘষি ছাড়াই পাপোশ পরিষ্কারের আরেকটি সহজ উপায় হলো ভ্যাকুয়াম ক্লিনার ব্যবহার করা। ক্লিনকর্ফের প্রধান নির্বাহী কর্মকর্তা লিসা ম্যাককুইনের মতে, এ পদ্ধতিতে অল্প সময়েই ভালো ফল পাওয়া যায়। তিনি বলেন, প্রথমে ভ্যাকুয়াম ক্লিনারের উচ্চ শোষণক্ষমতার সেটিং ব্যবহার করে পাপোশের ময়লা পরিষ্কার করুন। এরপর বাড়ির বাইরে কোনো রেলিংয়ের সঙ্গে পাপোশটি কয়েকবার জোরে ঝাড়ুন। এতে ভেতরে আটকে থাকা ময়লাও বের হয়ে আসবে। পাপোশে স্যাঁতসেঁতে বা দুর্গন্ধ থাকলে তা দূর করার জন্য আরও একটি উপায় রয়েছে। এ ক্ষেত্রে পাপোশের ওপর বেকিং সোডা ছিটিয়ে ১৫ মিনিট রেখে দিন। এরপর ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে বেকিং সোডা পরিষ্কার করুন এবং পাপোশটি আবার ঝেড়ে নিন।
তথ্যসূত্র: দ্য স্প্রুস এমএআরএল
Source: জাগো নিউজ২৪






