শরীর আর্দ্র রাখার জন্য পানি সবচেয়ে ভালো পানীয় হলেও চা, কফি ও দুধের মতো গরম পানীয়ও এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এসব পানীয় শরীরের দৈনিক পানির চাহিদা পূরণে সহায়তা করে, যা বিভিন্ন গবেষণায় প্রমাণিত। এ ক্ষেত্রে অন্যান্য পানীয়ের উপকারিতাও উপেক্ষা করা উচিত নয়।

লাল চা ও গ্রিন টি

লাল, গ্রিন, হোয়াইট ও উলং চা তৈরি হয় ক্যামেলিয়া সিনেনসিস উদ্ভিদ থেকে। এসব চায়ে পানির পরিমাণ বেশি থাকায় শরীরের দৈনিক পানির চাহিদা পূরণে সাহায্য করে। চায়ে থাকা ক্যাফেইন মূত্রের পরিমাণ বাড়ালেও পরিমিত চা পান করলে শরীর থেকে অতিরিক্ত তরল বের হয় না। তাই গরম চা পান করলেও শরীর আর্দ্র থাকে।

একটি নিয়ন্ত্রিত গবেষণায় দেখা গেছে, পরিমিত লাল চা ও পানি পানে শরীরের আর্দ্রতা বজায় রাখার ক্ষেত্রে উল্লেখযোগ্য কোনো পার্থক্য নেই। অর্থাৎ, চাও পানির মতো শরীরের পানির চাহিদা পূরণে সহায়তা করে।

ভেষজ চা

পুদিনা, আদা ও ক্যামোমাইলের মতো ভেষজ পানীয়ে স্বাভাবিকভাবেই ক্যাফেইন থাকে না। এগুলো ক্যামেলিয়া সিনেনসিস উদ্ভিদ থেকে তৈরি হয় না, তাই প্রকৃত চায়ের বদলে এগুলোকে ভেষজ পানীয় বা ইনফিউশন বলা হয়। ভেষজ চা নিয়ে গবেষণা কম হলেও দেখা গেছে, কম ক্যাফেইনযুক্ত বা ক্যাফেইনমুক্ত পানীয় পানির মতোই শরীরের পানির চাহিদা পূরণে সাহায্য করে।

একটি গবেষণায় দেখা গেছে, কম ক্যাফেইনযুক্ত চা পান করলে পানির তুলনায় শরীরের আর্দ্রতা কমে না। পান করার দুই ঘণ্টা পর শরীরে পানি ধরে রাখার পরিমাণও চা ও পানির ক্ষেত্রে প্রায় একই ছিল।

কফি

ব্ল্যাক কফির বেশির ভাগ অংশই পানি। এতে থাকা ক্যাফেইন মূত্রের পরিমাণ বাড়াতে পারে। তবে নিয়মিত পরিমিত কফি পান করলে শরীরের পানির ভারসাম্যে তেমন প্রভাব পড়ে না। একটি গবেষণায় দেখা গেছে, প্রতিদিন ৫৩৭ মিলিগ্রাম ক্যাফেইন বা প্রায় চার থেকে পাঁচ কাপ কড়া কফি পান করলে শরীর থেকে তরল বের হওয়ার পরিমাণ বাড়তে পারে। তবে ২৬৯ মিলিগ্রাম ক্যাফেইন বা দুই থেকে তিন কাপ কফি পান করলে পানির ভারসাম্যে উল্লেখযোগ্য প্রভাব পড়ে না।

আরেকটি গবেষণায় কফি ও পানি পানের প্রভাবে শরীরের পানির ভারসাম্যে উল্লেখযোগ্য পার্থক্য পাওয়া যায়নি। নিয়মিত কফি পানকারীরা প্রতিদিন প্রায় ২৪ আউন্স বা ১২ আউন্সের দুই মগ কফি পান করেও পানির চাহিদা পূরণে সহায়তা পেতে পারেন।

গরম দুধ

দুধের বেশির ভাগ অংশই পানি। তাই দুধ পান করলে শরীরের পানির চাহিদা পূরণে সহায়তা পাওয়া যায়। কিছু গবেষণায় সীমিত প্রমাণ পাওয়া গেছে, সাধারণ পানির তুলনায় দুধ শরীরে পানি কিছুটা বেশি সময় ধরে রাখতে পারে। পানীয়ের শরীর আর্দ্র রাখার ক্ষমতা পরিমাপের একটি পদ্ধতি হলো বেভারেজ হাইড্রেশন ইনডেক্স (বিএইচআই)। এ ক্ষেত্রে পানিকে মানদণ্ড হিসেবে ধরা হয়।

একটি গবেষণায় দেখা গেছে, পূর্ণ ননিযুক্ত ও ননিবিহীন দুধের এই সূচক পানির তুলনায় বেশি। অর্থাৎ, কয়েক ঘণ্টা ধরে শরীরে পানি ধরে রাখা ও মূত্রের পরিমাণ বিবেচনায় দুধ সাধারণ পানির তুলনায় বেশি সময় শরীরে থাকতে পারে। দুধে থাকা সোডিয়াম ও পটাশিয়াম শরীরে পানি ধরে রাখতে সাহায্য করে। এগুলো ইলেকট্রোলাইট বা খনিজ লবণ হিসেবে কাজ করে। এ ছাড়া দুধের কার্বোহাইড্রেট পাকস্থলী থেকে খাবার অন্ত্রে যাওয়ার প্রক্রিয়া ধীর করে, ফলে শরীরে আর্দ্রতা বজায় থাকার সময় বাড়তে পারে। সূত্র: ভেরিওয়েল হেলথ এমএআরএল

Source: জাগো নিউজ২৪