শীতের সকালে অ্যালার্ম বেজে চলেছে, অথচ কম্বলের উষ্ণতা ছেড়ে উঠতেই মন চাইছে না! স্কুল, কলেজ কিংবা অফিসে যাওয়ার তাড়া থাকলেও চোখে যেন ঘুম লেগেই থাকে। অনেকেই একে নিছক আলস্য বলে মনে করেন। কিন্তু জানেন কি, শীতকালে বেশি ঘুম পাওয়ার পেছনে রয়েছে শরীরের কিছু বৈজ্ঞানিক কারণ?

সাম্প্রতিক গবেষণা বলছে, ঋতু পরিবর্তনের সঙ্গে আমাদের ঘুমের ধরনেও পরিবর্তন আসে। তাই শীতের সকালে বেশি ঘুম পাওয়া সব সময় অলসতার লক্ষণ নয়। জার্মানির বার্লিনের সেন্ট হেডউইগ হাসপাতালের ক্লিনিক ফর স্লিপ অ্যান্ড ক্রোনোমেডিসিনের গবেষণায় দেখা গেছে, অ্যালার্ম ছাড়া ঘুমানোর সুযোগ পেলে মানুষ শীতের অন্ধকার মাসগুলোতে তুলনামূলক বেশি সময় ঘুমান। অর্থাৎ ঋতুর পরিবর্তনের সঙ্গে শরীরের বিশ্রামের প্রয়োজনেও কিছুটা বদল আসে।

ঘুমের পর্যায় ও শীতের প্রভাব

আমাদের ঘুম মূলত দুটি পর্যায়ে বিভক্ত—নন-র‌্যাপিড আই মুভমেন্ট (এনআরইএম) এবং র‌্যাপিড আই মুভমেন্ট (রেম)। ঘুমের এই দুই পর্যায় শরীর ও মস্তিষ্কের বিশ্রাম এবং পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গবেষণায় শীতকালে রেম ঘুমের পরিবর্তনের বিষয়টিও উঠে এসেছে। ফলে পর্যাপ্ত বিশ্রামের জন্য ঘুমের সময় কিছুটা বাড়ানোর প্রয়োজন হতে পারে।

এর সঙ্গে সম্পর্ক রয়েছে শরীরের অভ্যন্তরীণ ঘড়ি বা সার্কাডিয়ান রিদমের। আলো, অন্ধকার এবং দিন-রাতের দৈর্ঘ্য অনুযায়ী এই ঘড়ি আমাদের ঘুম ও জেগে থাকার সময় নিয়ন্ত্রণ করে। শীতকালে দিনের দৈর্ঘ্য কমে যাওয়ায় শরীরের স্বাভাবিক ছন্দেও পরিবর্তন আসে।

সূর্যের আলোর অভাব

শীতকালে দিন ছোট এবং রাত বড় হয়। ফলে অনেকেই পর্যাপ্ত সূর্যের আলো পান না। শরীরের ঘুম-জাগরণের চক্র নিয়ন্ত্রণে আলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অন্ধকারে মেলাটোনিন হরমোনের নিঃসরণ বাড়ে, যা ঘুমের অনুভূতি তৈরি করতে সাহায্য করে। দিনের বেলায় পর্যাপ্ত আলো না পেলে শরীরের স্বাভাবিক ঘুমের ছন্দ ব্যাহত হতে পারে।

ভিটামিন ডি-এর ঘাটতি

সূর্যের আলো ভিটামিন ডি তৈরির অন্যতম প্রাকৃতিক উৎস। শীতকালে ঠান্ডার কারণে অনেকেই দীর্ঘ সময় ঘরের মধ্যে থাকেন। ফলে সূর্যের আলো পাওয়ার সুযোগ কমে যায়। শরীরে ভিটামিন ডি-এর ঘাটতি থাকলে ক্লান্তি ও দুর্বলতা অনুভূত হতে পারে। এজন্য খাদ্যতালিকায় ডিমের কুসুম, সামুদ্রিক মাছ খেতে পারেন। তবে ঘাটতি রয়েছে কি না, তা জানতে প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। নিজে থেকে ভিটামিন ডি সাপ্লিমেন্ট খাওয়া ঠিক নয় বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

শক্তির সংরক্ষণ ও তাপমাত্রা

শীতের ঠান্ডা আবহাওয়া থেকে রক্ষা পেতে শরীর প্রাকৃতিকভাবে কিছুটা শক্তি সংরক্ষণ বা এনার্জি-সেভিং মোডে চলে যায়, যা আলস্য ও ঘুমের ভাব তৈরি করে।

দুপুরে ভারী ও বেশি খাবার

শীতকালে অনেকেই দুপুরে ভারী ও বেশি খাবার খান। অন্যদিকে ঠান্ডার কারণে হাঁটাহাঁটি ও ব্যায়ামের পরিমাণও কমে যায়। বিশেষ করে দুপুরে অতিরিক্ত খাবার খাওয়ার পর শরীরের স্বাভাবিক হজমপ্রক্রিয়ার কারণে ঘুম ঘুম ভাব দেখা দিতে পারে। শারীরিক পরিশ্রম কম হলে এই ক্লান্তি আরও বাড়তে পারে।

পর্যাপ্ত ঘুম না হওয়া

শীতের সকালে বেশি ঘুম পাওয়ার আরেকটি কারণ হতে পারে আগের রাতের অপর্যাপ্ত ঘুম। অনিয়মিত সময়ে ঘুমাতে যাওয়া, রাত জেগে কাজ করা কিংবা ঘুমের পরিবেশ ভালো না হলে সকালে ক্লান্তি থেকে যায়। একজন প্রাপ্তবয়স্ক মানুষের সাধারণত প্রতিদিন সাত থেকে নয় ঘণ্টা ঘুম প্রয়োজন। তাই প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমাতে যাওয়া এবং ঘুম থেকে ওঠার অভ্যাস করুন। ছুটির দিনেও ঘুমের সময়ের খুব বেশি পরিবর্তন করবেন না।

শীতে সকালে ঘুমের জড়তা কাটাবেন যেভাবে

শীতের সকালে বিছানা ছাড়তে কষ্ট হলে আগের রাত থেকেই প্রস্তুতি নিতে হবে। ঘুমানোর অন্তত আধা ঘণ্টা আগে মুঠোফোন, ল্যাপটপ ও টেলিভিশন ব্যবহার বন্ধ রাখুন। এসব যন্ত্রের নীল আলো ঘুমের স্বাভাবিক ছন্দে ব্যাঘাত ঘটাতে পারে। বিছানার পাশে মুঠোফোন না রেখে কিছুটা দূরে রাখার অভ্যাস করুন।

সকালে ঘুম থেকে উঠে হালকা গরম পানিতে হাত-মুখ ধুয়ে নিন। এরপর কিছুক্ষণ হাঁটাহাঁটি বা হালকা ব্যায়াম করতে পারেন। এতে শরীরের জড়তা কাটতে সাহায্য করবে। সকালে এক কাপ চা বা পছন্দের উষ্ণ পানীয় দিয়ে দিন শুরু করলেও মন ভালো হতে পারে। তবে চা-কফিতে অতিরিক্ত ক্যাফেইন গ্রহণ করবেন না।

রাতে বেশি দেরি করে কাজ না করে পরদিনের প্রয়োজনীয় কাজ আগেই গুছিয়ে রাখুন। সকালে কী কী করতে হবে, তার একটি ছোট তালিকা তৈরি করে রাখতে পারেন। এতে দিনের শুরুতে অযথা তাড়াহুড়ো কমবে। পছন্দের গান শুনতে শুনতে সকালের কাজ শুরু করলেও একঘেয়েমি কাটতে পারে।

পরিবারের শিশু-কিশোরদের ক্ষেত্রেও ঘুমের নিয়মিত সময় বজায় রাখা জরুরি। তবে তাদের বয়স অনুযায়ী পর্যাপ্ত ঘুম নিশ্চিত করতে হবে। শীতকালে শরীরের বিশ্রামের প্রয়োজন কিছুটা বদলাতে পারে। তাই জোর করে ঘুম কমানোর বদলে পর্যাপ্ত বিশ্রাম, সুষম খাবার, দিনের আলো এবং নিয়মিত শরীরচর্চার দিকে নজর দিন।

পর্যাপ্ত ঘুমের পরও দীর্ঘদিন অতিরিক্ত ক্লান্তি বা ঘুম ঘুম ভাব থাকলে চিকিৎসকের পরামর্শ নিন।

তথ্যসূত্র: জাগো নিউজ লাইফস্টাইল। সূত্র: বিবিসি, হেলথ লাইন, এনডিটিভি এসএকেওয়াই।

Source: জাগো নিউজ২৪