বছরের বিভিন্ন সময়ে মশার উপদ্রব কম হয় না বললেই চলে। বিশেষ করে সন্ধ্যার পর ঘরের আনাচে-কানাচে থেকে মশা বেরিয়ে আসে। মশার কামড়ে শুধু চুলকানি ও অস্বস্তিই নয়, এর সঙ্গে ডেঙ্গু, ম্যালেরিয়া ও চিকুনগুনিয়ার মতো রোগের ঝুঁকিও থাকে। তাই মশা থেকে বাঁচতে অনেকে বাজার থেকে কয়েল, স্প্রে বা তরল মশা মারার ওষুধ কিনে আনেন। তবে দীর্ঘদিন এসব পণ্য ব্যবহার করলে খরচও অনেক হয়। কিন্তু ঘরেই থাকা একটি সহজলভ্য উপাদান দিয়ে মশা তাড়ানোর স্প্রে তৈরি করে নেওয়া সম্ভব। উপাদানটি হচ্ছে নিমপাতা।

গ্রাম থেকে শহর, প্রায় সব জায়গাতেই নিমগাছ দেখা যায়। নিমপাতায় কিছু প্রাকৃতিক কীটনাশক বৈশিষ্ট্য রয়েছে, যা পোকামাকড় নিয়ন্ত্রণে কাজে আসতে পারে। তাই বাড়িতেই সহজেই নিমপাতার মিশ্রণ তৈরি করা যেতে পারে। তবে মনে রাখতে হবে, এই ঘরোয়া স্প্রে কোনো নিশ্চিত মশা দূর করার উপায় নয়। এটি মশা নিয়ন্ত্রণের অন্যান্য ব্যবস্থার পাশাপাশি ব্যবহার করা যেতে পারে।

প্রয়োজনীয় উপকরণ
এই স্প্রে তৈরি করতে বেশি উপকরণের প্রয়োজন নেই। হাতের কাছে থাকা কয়েকটি জিনিস দিয়েই এটি বানানো যায়। উপকরণগুলো হলো— ১ কাপ তাজা বা শুকনো নিমপাতা, ২ কাপ পানি, ১ চা চামচ নিম তেল এবং একটি পরিষ্কার স্প্রে বোতল।

যেভাবে তৈরি করবেন
প্রথমে এক কাপ নিমপাতা নিয়ে পরিষ্কার পানিতে ভালোভাবে ধুয়ে নিন। পাতায় যেন কোনো ধুলাবালি বা ময়লা না থাকে, সেদিকে খেয়াল রাখুন। এরপর একটি পাত্রে দুই কাপ পানি ও নিমপাতা দিয়ে মাঝারি আঁচে ১০ থেকে ১৫ মিনিট ফুটিয়ে নিন। পানির রং কিছুটা বদলে গেলে বুঝবেন, নিমপাতার নির্যাস পানিতে মিশেছে। নির্দিষ্ট সময় ফুটানোর পর চুলা বন্ধ করে পাত্রটি নামিয়ে মিশ্রণটি পুরোপুরি ঠান্ডা হতে দিন। গরম অবস্থায় বোতলে ভরবেন না।

ঠান্ডা হলে একটি পরিষ্কার ছাঁকনি বা পাতলা কাপড় দিয়ে মিশ্রণটি ছেঁকে নিন। ইচ্ছা করলে এতে এক চা চামচ নিম তেল মেশানো যেতে পারে। তবে তেল ও পানি সহজে মেশে না। তাই ব্যবহারের আগে বোতলটি ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে। তৈরি মিশ্রণটি একটি পরিষ্কার স্প্রে বোতলে ভরে নিন।

ব্যবহারের নিয়ম
প্রস্তুত স্প্রেটি বাড়ির জানালা, দরজা, পর্দার আশপাশে এবং মশা বসতে পারে এমন জায়গায় অল্প করে ছিটিয়ে দিন। তবে খাবার, রান্নার জিনিসপত্র, শিশুদের খেলনা বা পোষা প্রাণীর আশপাশে স্প্রে করা যাবে না। ত্বকেও সরাসরি ব্যবহার করা উচিত নয়।

ব্যবহারের আগে সতর্কতা
নিমপাতার এই মিশ্রণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি হলেও সবার ক্ষেত্রে এটি একই রকম কার্যকর নাও হতে পারে। তাই প্রথমে ঘরের ছোট একটি জায়গায় ব্যবহার করে দেখা ভালো। শিশু ও পোষা প্রাণীর নাগালের বাইরে রাখতে হবে। এই মিশ্রণে কোনো সংরক্ষণকারী উপাদান নেই। তাই বেশি পরিমাণে না তৈরি করে অল্প করে বানানো ভালো। পরিষ্কার বোতলে ভরে ফ্রিজে রাখতে হবে এবং কিছু দিনের মধ্যে ব্যবহার করে ফেলতে হবে। মিশ্রণের রং বা গন্ধ বদলে গেলে ফেলে দেওয়া উচিত।

শুধু স্প্রেই নয়
শুধু নিমপাতার স্প্রে ব্যবহার করেই মশার উপদ্রব কমবে না। বাড়ির আশপাশে কোথাও পানি জমে থাকলে তা পরিষ্কার করতে হবে। ফুলের টবের নিচের পাত্র, ডাবের খোসা, বালতি বা ফেলে রাখা বোতলে পানি জমতে দেওয়া উচিত নয়। জানালায় নেট লাগানো এবং রাতে ঘুমানোর সময় মশারি ব্যবহার করা জরুরি। ডেঙ্গু থেকে বাঁচতে মশার বংশবিস্তার বন্ধ করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রয়োজনে অনুমোদিত মশা প্রতিরোধকও ব্যবহার করা যেতে পারে।

তথ্যসূত্র: জাগো নিউজ লাইফস্টাইল; সূত্র: নিউজ এইটটিন, এনডিটিভি এসএকেওয়াই

Source: জাগো নিউজ২৪