মালদ্বীপের রাজধানী মালের এডিকে (ADK) হাসপাতালে চিকিৎসাধীন গুরুতর অসুস্থ প্রবাসী বাংলাদেশি মো. ইউসুফ মাহমুদকে বুধবার (১০ জুন) দেখতে যায় বাংলাদেশ দূতাবাসের একটি প্রতিনিধিদল। দলে ছিলেন প্রথম সচিব (শ্রম) মো. মোতাছেম বিল্লাহ ও কল্যাণ সহকারী মো. জসিম উদ্দিন।
তাঁরা চিকিৎসকদের সঙ্গে কথা বলে ইউসুফের চিকিৎসার সার্বিক অবস্থা জানেন, তাঁর দ্রুত সেরে ওঠার কামনা করেন এবং পরিবারের প্রতি সহমর্মিতা জানান। দূতাবাসের এ উদ্যোগ প্রবাসীদের মধ্যে প্রশংসা পেয়েছে।
কুমিল্লার বুড়িচং উপজেলার কুসুমপুর গ্রামের ইউসুফ মাহমুদ সাত বছর আগে কাজের খোঁজে মালদ্বীপে যান। সম্প্রতি কর্মস্থলে দুর্ঘটনায় মাথায় গুরুতর আঘাত পেলে তাঁর অবস্থার অবনতি হয়; চিকিৎসকেরা অস্ত্রোপচারের পরামর্শ দেন। তাঁর আরোগ্যের জন্য পরিবার, স্বজন ও মালদ্বীপপ্রবাসী বাংলাদেশিরা দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।






