দুবাইয়ের শাসক পরিবারের জ্যেষ্ঠ সদস্য শেখ আহমেদ বিন রাশিদ আল মাকতুম মারা গেছেন। সোমবার (২১ সেপ্টেম্বর) ৭৬ বছর বয়সে তাঁর মৃত্যু হয় বলে দুবাইয়ের শাসকের দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে। তিনি সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুমের ছোট ভাই।
তাঁর মৃত্যুতে দুবাইয়ে ১০ দিনের সরকারি শোক ঘোষণা করা হয়েছে। সোমবার থেকে শুরু হওয়া এই শোকের সময়ে সরকারি ভবনগুলোতে আমিরাতের জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।
শেখ আহমেদ ছিলেন প্রয়াত শেখ রাশিদ বিন সাঈদ আল মাকতুমের ছেলে। শেখ রাশিদ ১৯৫৮ থেকে ১৯৯০ সাল পর্যন্ত দুবাই শাসন করেন; তাঁর আমলেই আধুনিক দুবাইয়ের ভিত গড়ে ওঠে। দীর্ঘ কর্মজীবনে শেখ আহমেদ দুবাই পুলিশ ও পাবলিক সিকিউরিটির ডেপুটি চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। ব্যবসায় তিনি এআরএম হোল্ডিংয়ের চেয়ারম্যান ছিলেন, আর ক্রীড়াঙ্গনে ছিলেন আল ওয়াসল স্পোর্টস ক্লাবের প্রেসিডেন্ট।
দুবাইয়ের ঘোড়দৌড়েও তাঁর বড় ভূমিকা ছিল। জেবেল আলি রেসকোর্স প্রতিষ্ঠার সঙ্গে তাঁর নাম জড়িয়ে আছে, যেখানে ১৯৯১ সালে প্রথম রেসিং মৌসুম শুরু হয়। জেবেল আলি স্টেবলসের সঙ্গেও তিনি দীর্ঘদিন যুক্ত ছিলেন।
ভাইয়ের মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে শোকবার্তা দিয়েছেন শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম। আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান এবং দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ হামদান বিন মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুমও শোক জানিয়েছেন।
তথ্যসূত্র: ঢাকা পোস্ট




