ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা দাবি করেছে, ইয়েমেনের দক্ষিণের বন্দরনগরী এডেনে একটি নৌঘাঁটি ও একটি সামরিক শিবিরে তারা হামলা চালিয়েছে। শনিবার (২৪ অক্টোবর) শহরে একাধিক বিস্ফোরণের পর এ দাবি আসে বলে আল জাজিরা জানায়; হতাহতের তথ্য তখনো মেলেনি।

সৌদি বাহিনীকে শত্রু আখ্যা দিয়ে গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, এডেনের আল-নাসর শিবির ও নৌঘাঁটিতে সৌদি অবস্থানে হামলা চালানো হয়েছে। স্থাপনা দুটির তত্ত্বাবধানে রয়েছে সৌদি বাহিনী।

এডেনে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের অন্তর্বর্তী সদর দপ্তর অবস্থিত; গত কয়েক সপ্তাহে হুতিরা সেখানে বারবার হামলা চালিয়েছে, প্রেসিডেন্টের প্রাসাদেও। বুধবার (২১ অক্টোবর) সৌদি অবস্থানে হামলার দাবির সময় বিমানবন্দরের কাছে ধোঁয়া দেখা যায়; আগের সপ্তাহে বিমানবন্দরের সীমানায় দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হানার কথা জানায় তারা।

সেখানে থাকা সাংবাদিকেরা জানান, শনিবার এডেন বিমানবন্দরের কাছাকাছি চারটি বিস্ফোরণের আওয়াজ শোনা গেছে, তবে কারণ, লক্ষ্য বা হতাহতের বিষয়ে কিছু নিশ্চিত হয়নি।