অন্তর্বর্তী চুক্তি নিয়ে চলমান আলোচনা ভেস্তে যাওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে দুষেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তবে আবার আলোচনায় বসে চুক্তিটি সম্পন্ন করার পক্ষেই অবস্থান নিয়েছেন তিনি।
শনিবার (২৪ অক্টোবর) রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবিতে প্রচারিত বক্তব্যে পেজেশকিয়ান অভিযোগ করেন, আলোচনা চলার মধ্যেই আমেরিকানরা সব পণ্ড করে দিয়েছে। এ জন্য তাদের ‘কাপুরুষ’ আখ্যা দেন তিনি।
অন্যদিকে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি দাবি করেছেন, ইরানকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বারবার হুমকির মূল উদ্দেশ্য গণমাধ্যমে প্রচার পাওয়া। আধা সরকারি বার্তা সংস্থা ফার্সকে তিনি বলেন, এখনকার পরিস্থিতিতে শত্রুপক্ষ কার্যকর কোনো অভিযান চালাতে পারবে না এবং লক্ষ্য অর্জনে ব্যর্থ হবে।
এদিকে ট্রাম্প জানিয়েছেন, ইরানে নতুন হামলা হবে কি না, সে সিদ্ধান্ত আসবে ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পরে। যদিও তাঁর একাধিকবারের দাবি, নতুন সামরিক অভিযান চালিয়ে যেকোনো সময় যুদ্ধের ইতি টানতে পারেন তিনি।
মোহেব্বির ভাষ্য, যুদ্ধ নিয়ে মার্কিন বক্তব্যের লক্ষ্য প্রচারণা আর ইরানিদের ওপর মানসিক চাপ তৈরি। যুক্তরাষ্ট্র ফের হামলা চালালে, এমনকি ছোট পরিসরেও, বাহিনীর এখনকার প্রস্তুতির জোরে ইরানের পাল্টা জবাব হবে কয়েক গুণ শক্তিশালী বলে দাবি করেন তিনি।






