ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মেনে নিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ আর অর্থনৈতিক চাপে দেশের অনেক পরিবার খাবার জোটাতেই হিমশিম খাচ্ছে। শনিবার (২৪ অক্টোবর) নিজের ওয়েবসাইটে প্রকাশিত বক্তব্যে তিনি বলেন, চলমান যুদ্ধাবস্থায় বহু মানুষ পরিবারের মুখে খাবার তুলে দিতে লড়ছেন। সিবিএস নিউজ এ খবর দিয়েছে।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্র সামরিক অভিযান কমিয়ে এনে অর্থনৈতিক চাপে জোর দিয়েছে। ইরানি নেতারা অবশ্য বলছেন, ওয়াশিংটন চাপ আর হুমকি না থামালে শান্তি আলোচনা ফলপ্রসূ হবে না; ফলে অচলাবস্থা কাটছে না।
বর্তমান অবস্থাকে ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ বলে উল্লেখ করে এর অবসান চান পেজেশকিয়ান। নিজেদেরও এ অবস্থা থেকে বেরোতে হবে বলে মন্তব্য করলেও উপায় নিয়ে বিস্তারিত বলেননি তিনি।
এদিকে নতুন সংঘাতের শঙ্কাও বাড়ছে। শুক্রবার (২৩ অক্টোবর) তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক জানান, ওয়াশিংটন এ সপ্তাহেই ইরানে ফের হামলা চালাতে পারে। পডকাস্ট উপস্থাপক মারিও নওফলকে তিনি বলেন, এ সপ্তাহে হামলা হওয়া অবশ্যই সম্ভব।
সিরিয়ায় যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের দায়িত্বেও আছেন ব্যারাক, তবে ইরান-নীতিতে তার সরাসরি ভূমিকা নেই।






