মক্কা ও জেদ্দাসহ সৌদি আরবের পশ্চিমাঞ্চলের ৪টি প্রদেশে সম্ভাব্য বিপদের সতর্কবার্তা জারির কয়েক মিনিটের মাথায় তা তুলে নিয়েছে দেশটির বেসামরিক প্রতিরক্ষা সংস্থা। এরপর সৌদি নেতৃত্বাধীন জোট দাবি করে, ইয়েমেনের ইরান-সমর্থিত হুতিরা দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল, যা তারা ধ্বংস করেছে। জোটের ভাষ্য, ক্ষেপণাস্ত্র দুটির নিশানা ছিল তায়েফ ও ইয়ানবু।
ফরাসি বার্তা সংস্থা এএফপি জানায়, মক্কা ও জেদ্দার পাশাপাশি কাছের শহর তায়েফ এবং উপকূলের তেলকেন্দ্র ইয়ানবুও সতর্কতার আওতায় ছিল। এ সময় বাসিন্দাদের কাছের নিরাপদ জায়গায় সরে যেতে বলা হয়; ক্ষেপণাস্ত্র বা ড্রোন ঠেকানোর ছবি কিংবা তথ্য না ছড়াতে আইনি সতর্কবার্তার কথাও আবার মনে করিয়ে দেয় সংস্থাটি। তবে ঠিক কী কারণে সতর্কতা জারি হয়েছিল, তা ব্যাখ্যা করেনি কর্তৃপক্ষ।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, জোট ও হুতিদের মধ্যে লড়াই চলছে, তার মধ্যেই ঘটল এ ঘটনা। সাম্প্রতিক সপ্তাহগুলোতে হুতিদের হামলার শিকার হচ্ছে সৌদি আরব; প্রতিবেদনে বলা হয়, ইয়েমেনে গৃহযুদ্ধ আবার জোরালো হয়ে ওঠার পটভূমিতে এসব হামলা চলছে।






