মুক্তির আগেই দর্শকদের মধ্যে তুমুল আগ্রহ তৈরি করেছে রণবীর কাপুর অভিনীত সিনেমা ‘রামায়ণ’। ছবিটির প্রথম পর্বের অগ্রিম টিকিট বিক্রি শুরুর পর থেকেই বক্স অফিসে ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, প্রতিদিনই বাড়ছে টিকিট বিক্রির সংখ্যা, সেই সঙ্গে বাড়ছে আয়ের অঙ্কও।
ওই প্রতিবেদন অনুযায়ী, ব্লক বুকিংসহ ভারতীয় বক্স অফিসে এখন পর্যন্ত সিনেমাটি আয় করেছে ১১ কোটি ৮১ লাখ রুপি।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দশেরার দিন থেকেই ‘রামায়ণ’ পার্ট ১-এর অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। প্রথম দিনেই ছবিটি ২ কোটি রুপির বেশি আয় করে। এরপর দিন যত গড়িয়েছে, ততই বেড়েছে অগ্রিম বুকিংয়ের পরিমাণ। মুক্তির আগে হাতে আরও সময় থাকায় ছবিটির আয় আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
এখন পর্যন্ত সিনেমাটির প্রায় ২ লাখ ১৫ হাজার টিকিট বিক্রি হয়েছে বলে জানা গেছে। দেশজুড়ে ৪ হাজার ৬৫৮টি সিনেমা হলে ছবিটি মুক্তির পরিকল্পনা রয়েছে।
টিকিটের দাম বেশি হলেও দর্শকদের আগ্রহে ভাটা পড়েনি। মুম্বাইয়ের একাধিক প্রেক্ষাগৃহে ২ হাজার ৭০০ রুপি দামের টিকিটও বিক্রি হয়ে গেছে। দর্শকদের চাহিদার কথা বিবেচনা করে সকালের শো-এর পাশাপাশি মধ্যরাতেও প্রদর্শনীর ব্যবস্থা করা হচ্ছে বলে খবর প্রকাশিত হয়েছে।
কে কে আছেন
সিনেমাটিতে রামের চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর। সীতার ভূমিকায় রয়েছেন সাই পল্লবী। রাবণের চরিত্রে দেখা যাবে যশকে। এ ছাড়া গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রবি দুবে, রাকুলপ্রীত সিং, সানি দেওল ও অমিতাভ বচ্চন।
নীতীশ তিওয়ারির পরিচালনায় সিনেমাটি প্রযোজনা করেছেন নমিত মালহোত্রা। ভারতীয় মহাকাব্য ‘রামায়ণ’ অবলম্বনে নির্মিত এই সিনেমার প্রথম পর্ব ঘিরে দর্শকদের মধ্যে আগে থেকেই আগ্রহ রয়েছে। বড় বাজেটের এই ছবিতে পৌরাণিক কাহিনিকে বড়পর্দায় নতুনভাবে তুলে ধরার পরিকল্পনা করেছেন নির্মাতারা।
দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা
সিনেমাটির দ্বিতীয় পর্বের মুক্তির সময়সূচি নিয়েও শুরু হয়েছে নতুন আলোচনা। সম্প্রতি গুঞ্জন ছড়িয়েছে, ২০২৭ সালের পরিবর্তে ২০২৮ সালে মুক্তি পেতে পারে ‘রামায়ণ’ পার্ট ২। তবে এ বিষয়ে নির্মাতাদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দ্বিতীয় পর্বের শুটিং ও পোস্ট-প্রোডাকশনের কাজের জন্য আরও সময় নিতে চাইছেন প্রযোজক নমিত মালহোত্রা। সিনেমাটিকে এমন পর্যায়ে নিতে চান তিনি, যাতে দর্শকদের কাছে বড়পর্দায় দেখার অভিজ্ঞতা স্মরণীয় হয়ে থাকে। সেই লক্ষ্যেই মুক্তির সময় পিছিয়ে দেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে বলে গুঞ্জন শোনা যাচ্ছে।
‘রামায়ণ’র দ্বিতীয় পর্বে রাম ও রাবণের যুদ্ধের কাহিনি বিশেষ গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে। তবে মুক্তির তারিখ পরিবর্তনের খবর এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি। ফলে দ্বিতীয় পর্বের জন্য দর্শকদের আরও এক বছর অপেক্ষা করতে হবে কি না, তা জানতে নির্মাতাদের ঘোষণার অপেক্ষায় থাকতে হবে।
Source: জাগো নিউজ২৪






