বলিউড অভিনেত্রী অর্চনা পূরান সিং ও অভিনেতা পরমীত শেঠির পরিবারে আনন্দের হাওয়া বইছে। তাঁদের ছোট ছেলে আয়ুষ্মান শেঠি বাগদান সম্পন্ন করেছেন প্রেমিকা সমীক্ষা শেঠির সঙ্গে। ইতালির ক্যাপ্রি দ্বীপে এক রোমান্টিক আয়োজনে সমীক্ষাকে বিয়ের প্রস্তাব দেন আয়ুষ্মান। এরপর আংটি বদলের মধ্য দিয়ে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন এই যুগল।
তথ্যমতে, ইতালির ক্যাপ্রি দ্বীপের সর্বোচ্চ চূড়া ‘মন্টে সোলারো’তে হাইকিং করতে গিয়ে বিশেষ এই মুহূর্তটির পরিকল্পনা করেন আয়ুষ্মান। পাহাড়ি পথ ধরে ওপরে ওঠার সময় গোপনে কয়েকটি বুনো ফুল সংগ্রহ করেন তিনি। এরপর রিল তৈরির অজুহাতে একটি ট্রাইপড বসিয়ে সমীক্ষাকে চমকে দেন। একপর্যায়ে হাঁটু গেড়ে বসে হাতে থাকা ফুল ও আংটি এগিয়ে দিয়ে সমীক্ষাকে বিয়ের প্রস্তাব দেন আয়ুষ্মান। এই রোমান্টিক আয়োজনে আবেগাপ্লুত হয়ে পড়েন সমীক্ষা।
এই বিশেষ মুহূর্তের একটি ভিডিও নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছেন আয়ুষ্মান। অন্যদিকে, সমীক্ষা ইনস্টাগ্রামে তাঁদের একসঙ্গে কাটানো কয়েকটি রোমান্টিক মুহূর্তের ছবি শেয়ার করেছেন। ছবিগুলোতে সাদা পোশাকে সমুদ্রের নীল জলরাশির সামনে তাঁদের দেখা গেছে। ছবির ক্যাপশনে সমীক্ষা লিখেছেন, ‘এই পৃথিবীর সব জায়গার মধ্যে আমরা একে অপরকে খুঁজে পেয়েছি। আর প্রতিবারই আমরা একে অপরকেই বেছে নেব।’
বাগদানের পর ভিডিও কলের মাধ্যমে পরিবারের সদস্যদের সুখবরটি জানান আয়ুষ্মান ও সমীক্ষা। অর্চনা পূরান সিং ও পরমীত শেঠির ছোট ছেলের জীবনের এই বিশেষ মুহূর্ত নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনা শুরু হয়েছে। ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা হবু দম্পতিকে শুভেচ্ছা জানাচ্ছেন।
Source: জাগো নিউজ২৪






