অভিনেতা তৌসিফ মাহবুবের দায়িত্বশীলতা ও সহযোগিতার প্রশংসা করে আবেগঘন পোস্ট দিয়েছেন অভিনেত্রী শবনম ফারিয়া। মঙ্গলবার (২৭ অক্টোবর) তৌসিফ মাহবুবের জন্মদিনে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এসব স্মৃতির কথা তুলে ধরেন তিনি। বন্ধুর দায়িত্বশীলতা, অন্যদের বিপদে পাশে দাঁড়ানো এবং ব্যক্তিগত জীবনে তাঁর অর্জনের কথাও পোস্টে উল্লেখ করেন এই অভিনেত্রী।
পোস্টে ফারিয়া জানান, অভিনয় শুরুর পর ঢাকার বাইরে তাঁর শুটিংয়ে যাওয়ার অনুমতি ছিল না, কারণ ফিরতে রাত হয়ে যেত। তৌসিফ সঙ্গে থাকলেই কেবল তিনি পরিবারের কাছ থেকে অনুমতি পেতেন। এমনকি দেশের বাইরে তাঁর প্রথম শুটিংয়ের অনুমতিও মিলেছিল তৌসিফ ও অভিনেতা সিয়াম আহমেদ সঙ্গে থাকার কারণেই।
তৌসিফের দায়িত্ববোধের প্রসঙ্গ টেনে শবনম ফারিয়া লেখেন, ‘ঐ বয়সেই তৌসিফ কতটা দায়িত্বশীল হলে আম্মু ওকে আমার গার্ডিয়ান বানিয়ে দিয়েছিল!’
বন্ধুদের কাছে তৌসিফ নির্ভরযোগ্য হয়ে ওঠার বিষয়টিও পোস্টে তুলে ধরেন ফারিয়া। তাঁর ভাষ্য অনুযায়ী, এখন বিনোদন অঙ্গনের অনেকের কাছেই তৌসিফ অভিভাবকের মতো। বিপদে পড়লে তিনি সবার আগে এগিয়ে আসেন বলে অনেকে জানিয়েছেন। কারও আর্থিক সহায়তা প্রয়োজন হলেও তৌসিফের সঙ্গে যোগাযোগ করলে তিনি নিজের সামর্থ্য অনুযায়ী সাহায্যের চেষ্টা করেন।
বন্ধুর ভবিষ্যৎ সাফল্য কামনা করে ফারিয়া লেখেন, ‘তৌসিফ হয়তো আরও অনেক বড় অভিনেতা হবে, কিন্তু ব্যক্তি তৌসিফ অলরেডি অনেক বড় হয়ে গেছে।’
এরপর তৌসিফের জীবনের নানা অর্জনের কথাও তুলে ধরেন তিনি। ফারিয়ার মতে, তৌসিফ নির্মাতাদের আস্থার জায়গা তৈরি করেছেন, দর্শকদের ভালোবাসা পেয়েছেন, জারার মতো ভালো জীবনসঙ্গী পেয়েছেন এবং বাবা-মায়ের যোগ্য ছেলে হয়েছেন। পাশাপাশি তাঁর মতো বন্ধুদেরও পেয়েছেন।
পোস্টের শেষে তৌসিফকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ফারিয়া লেখেন, ‘শুভ জন্মদিন তৌসিফ মাহবুব। তুমি যে মানুষ হয়ে উঠেছ, তা নিয়ে আমি গর্বিত।’
শবনম ফারিয়ার এই পোস্টে উঠে এসেছে তৌসিফ মাহবুবের অভিনয়জীবনের বাইরের এক মানবিক দিক—বন্ধুদের কাছে তাঁর নির্ভরতা, দায়িত্ববোধ এবং বিপদে পাশে দাঁড়ানোর মানসিকতা।
Source: জাগো নিউজ২৪






