ভারতীয় চলচ্চিত্রের অন্যতম বড় আয়োজন ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম একাডেমি (আইফা) অ্যাওয়ার্ডসের ২৬তম আসরে সবচেয়ে বেশি আলোচনায় উঠে এসেছে ‘ধুরন্ধর’। আদিত্য ধর পরিচালিত এই ছবিটি সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক ও সেরা অভিনেতাসহ মোট ১২টি পুরস্কার জিতেছে।
শনিবার আইফার অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এ বছরের বিজয়ীদের তালিকা প্রকাশ করা হয়। সেই তালিকা অনুযায়ী, ‘ধুরন্ধর’-এর জন্য সেরা অভিনেতার স্বীকৃতি পেয়েছেন রণবীর সিং। ‘সাইয়ারা’ ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন আনীত পাড্ডা।
পরিচালনার পাশাপাশি মৌলিক গল্প, চিত্রনাট্য ও সংলাপ লেখার জন্যও পুরস্কার পেয়েছেন আদিত্য ধর। ছবিটির সেরা সংগীত পরিচালকের পুরস্কার গেছে শাশ্বত সচদেবের ঝুলিতে। চিত্রগ্রহণের জন্য পুরস্কৃত হয়েছেন বিকাশ নওলাখা। সম্পাদনায় শিবকুমার ভি পানিকার এবং শব্দ পরিকল্পনায় বিশ্বদীপ চট্টোপাধ্যায় স্বীকৃতি পেয়েছেন।
অভিনয়, নির্মাণ ও কারিগরি—সব মিলিয়ে ‘ধুরন্ধর’ ১২টি বিভাগে পুরস্কার জিতেছে।
অন্যান্য বিভাগে, ‘আজাদ’ ছবির জন্য সেরা নবাগত অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন রাশা থাদানি। ‘জলি এলএলবি ৩’-এ অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেত্রীর স্বীকৃতি পেয়েছেন হুমা কুরেশি।
ডিজিটাল বিভাগে আলোচনায় ছিল আরিয়ান খানের পরিচালনায় অভিষেক হওয়া সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’। সিরিজটি সেরা সিরিজসহ মোট চারটি পুরস্কার জিতেছে। সিরিজটির জন্য সেরা পরিচালক হয়েছেন আরিয়ান খান। পার্শ্বচরিত্রে সেরা অভিনেতা হয়েছেন রাঘব জুয়াল এবং সেরা অভিনেত্রী হয়েছেন অনন্যা সিং। এছাড়া সেরা টাইটেল ট্র্যাকের পুরস্কারও পেয়েছে সিরিজটি।
তথ্যচিত্র বিভাগে সেরা হয়েছে ‘দ্য রোশানস’। সেরা রিয়েলিটি বা নন-স্ক্রিপ্টেড শোয়ের পুরস্কার পেয়েছে ‘দ্য ট্রেইটরস’। ডিজিটাল চলচ্চিত্র বিভাগে সেরা ছবি ‘বারামুল্লা’, যেটি সেরা মৌলিক গল্পের স্বীকৃতিও পেয়েছে। ‘স্টোলেন’ ছবির জন্য সেরা পরিচালক হয়েছেন করণ তেজপাল এবং একই ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ‘মিসেস’ ছবির জন্য সেরা অভিনেত্রীর স্বীকৃতি পেয়েছেন সানিয়া মালহোত্রা।
আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগে সেরা হয়েছে জেমস ক্যামেরন পরিচালিত ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’। কারিগরি বিভাগে ‘ছাওয়া’ ছবিও একাধিক পুরস্কার পেয়েছে। সেরা আবহসংগীতের স্বীকৃতি পেয়েছেন এ আর রহমান, সেরা সাউন্ড মিক্সিং বিভাগে পুরস্কৃত হয়েছেন অলোক দে এবং সেরা ভিজ্যুয়াল ইফেক্টসের পুরস্কার পেয়েছে অ্যাসেমব্লেজ এন্টারটেইনমেন্ট ও রিডিফাইন।
Source: জাগো নিউজ২৪






